মালয়েশিয়াগামী ট্রলারে নিহত যশোরের এক গ্রামের দুজন
ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি দিয়ে মাঝপথে জীবন গেল যশোরের মনিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের দুই জনের। গতকাল বুধবার সেন্ট মার্টিনের কাছে ট্রলারে পাচারকারীদের গুলিতে নিহত ছয়জনের মধ্যে রুবেল ও সেলিম নামের ওই দুজন প্রাণ হারান। তাঁরা ছাড়াও একই গ্রামের আরও আটজন ওই ট্রলারটিতে ছিলেন।
নিহত রুবেল (২৮) এনায়েতপুর গ্রামের মোকাম সরদারের ছেলে এবং সেলিম (২০) একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
মালয়েশিয়া যাওয়ার জন্য এনায়েতপুর গ্রাম থেকে নিহত দুজনসহ ১০ জন ওই ট্রলারটিতে ছিলেন। সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া ওই আটজনের অবস্থা কী হয়েছে, তা নিয়েও উত্কণ্ঠায় রয়েছে তাঁদের স্বজনেরা।
আজ বৃহস্পতিবার নিহত দুজনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪ জুন সন্ধ্যায় হঠাত্ করেই এই গ্রামের ১০ যুবক ঘর ছাড়েন। রুবেল, সেলিমের পাশাপাশি ওই বহরে ছিলেন একই গ্রামের মশিয়ার, পিপলু, কালাম, ওয়াদুদ, আক্তার, আসাদুল, হাফিজুরসহ আরও একজন। এনায়েতপুর গ্রামের আজিজের ছেলে মিন্টু ও আজিজ দফাদারের জামাতা রফিকুল তাঁদের মালয়েশিয়া পাঠানোর জন্য কক্সবাজারে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
নিহত রুবেলের বাবা মোকাম সরদার সাংবাদিকদের জানান, বিদেশে পাঠানোর মতো কোনো টাকা তাঁদের নেই। কিন্তু মিন্টু রুবেলকে বলেছেন, মালয়েশিয়া গিয়ে টাকা শোধ করতে হবে। তার পরও রুবেলকে তাঁরা নিষেধ করেছিলেন। কিন্তু সে নিষেধ না শুনেই গতকাল সন্ধ্যায় হঠাত্ তাঁরা বাজার থেকেই রওনা দেন।
মোকাম সরদার বলেন, মিন্টু আর রফিকুল তাঁর ছেলেকে পাচার করেছেন। তিনি তাঁদের বিচার চান।
সেলিমের স্ত্রী জায়দা বেগম জানান, হাটে যাচ্ছি বলে নয় দিন আগে তাঁর স্বামী বাড়ি ছাড়েন, ‘চার হাজার টাকায় সাইকেল বেচে তিনি মালয়েশিয়ায় গেছে বলে শুনেছি। বুধবার খবর পালাম তাঁকে হত্যা করা হয়েছে।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এনায়েতপুর গ্রামের রুবেল ও সেলিমের মৃত্যুর খবর এলেও বাকি আটজনের ব্যাপারে নানা খবর ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন, কেউ বলেছেন আহত। আবার কেউ বলেছেন, খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের অবস্থা নিয়েও শঙ্কিত এলাকাবাসী।
এ ব্যাপারে মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আবদুর সাত্তার প্রথম আলোকে বলেন, এনায়েতপুর গ্রামের মিন্টু ও রফিকুল নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নেওয়ার কথা বলে এনায়েতপুর গ্রাম থেকে ১০ জনকে নিয়ে যায়। এর মধ্যে দুজন নিহত হয়েছে। অন্যদের ব্যাপারে এখনো কোনো খবর জানা যায়নি।