মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ফের অভিযান
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিকের বিরুদ্ধে আগামী রোববার থেকে তিন মাসব্যাপী কঠোর অভিযান শুরু হবে। দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক আলিয়াস আহমদ গত বুধবার এ ঘোষণা দেন।
মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের অধিকাংশই প্রতিবেশী ইন্দোনেশিয়ার নাগরিক। তবে সেখানে অবৈধ বাংলাদেশিদের সংখ্যাও কম নয়।
মালয়েশিয়ায় অবৈধ পাঁচ লাখ বিদেশি নাগরিককে দুই বছর আগে প্রাথমিক নিবন্ধনের মাধ্যমে সেখানে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। পরে তাঁরা সেখানে অবস্থানের বৈধ কাগজপত্র জোগাড় করতে ব্যর্থ হলেও দেশটিতে থেকে যান। আলিয়াস আহমদ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, অবৈধ বিদেশিদের বিরুদ্ধে এখন পূর্ণ শক্তি প্রয়োগের সময় এসেছে। ওরা (অবৈধ বিদেশি) লুকিয়ে থাকতে পারবে, কিন্তু কত দিন?
দেশটিতে দুই বছর আগে অবৈধ শ্রমিকদের নিবন্ধনের সুযোগ দেওয়া হলে ১৩ লাখ বিদেশি তালিকাভুক্ত হন। এঁদের মধ্যে পাঁচ লাখ বিদেশি শ্রমিক কাজের অনুমতি পান এবং তিন লাখ ৩০ হাজার শ্রমিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বাকিরা অবৈধই থেকে যান। এএফপি।