মালয়েশিয়ার কেদাহর বেলানটিক বন্দিশিবিরে আটক বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম গত শুক্রবার মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামাকে এ কথা বলেন। খবর ইউএনবির।
শহিদুল ইসলাম বলেন, আটক বন্দীদের প্রথম দলটিকে সম্ভবত আগামী সপ্তাহে দেশে ফেরত পাঠানো হবে। পর্যায়ক্রমে আটক ৭১৬ জনকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ‘বন্দিশিবিরে গিয়ে আমি দেখেছি, যদি সম্ভব হয় পবিত্র রমজানের আগেই সবাই বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে আগ্রহী। কাজেই আমার সরকার এ ব্যাপারে অনেক সতর্ক এবং তাঁদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।’
নারী, শিশুসহ ১ হাজার ১৫৮ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নৌকায় করে গত ১০ মে কেদাহর লঙ্কাবিতে পৌঁছার পর তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বেলানটিক বন্দিশিবিরে নেওয়া হয়।
বাংলাদেশের হাইকমিশনার বলেন, ২ জুন তিনি ওই বন্দিশিবির পরিদর্শন করেন। তিনি দেখেছেন সেখানে ‘৭১৬ জন বাংলাদেশি’ অবৈধ অভিবাসী অনিচ্ছাকৃতভাবে মানব পাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়েছেন। তিনি বলেন, ‘তাঁদের বেশির ভাগ আমাকে বলেছেন, তাঁদের বাংলাদেশের পর্যটনকেন্দ্র কক্সবাজার ও সেন্ট মার্টিন থেকে আনা হয়েছে।’