মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় একজন বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কুয়ালা টেরেংগানু শহরে গত সোমবার রাতে এ ঘটনায় মালয়েশিয়ার তিন যুবক আহত হন।
নিহত ব্যক্তির নাম ওবায়দুর রহমান (৩৮)। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার সকালে ওবায়দুরের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ মা, স্ত্রী আর দুই সন্তান শোকে স্তব্ধ। মা ছবুরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলে সংসারে সুখ ফেরাতে বিদেশে যায়। সংসারে সুখ এসেছে, কিন্তু সে সুখ ভোগ করতে পারল না তাঁর সন্তান। চলে গেল এ পৃথিবী থেকে। ওবায়দুর রহমানের লাশ দ্রুত ফেরত আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান তাঁর স্বজনেরা।
চাচা শরিফুল ইসলাম জানান, বাবা দরিদ্র হওয়ায় পড়ালেখা করতে পারেননি ওবায়দুর। অল্প বয়সেই রিকশাভ্যান চালাতে হয় তাঁকে। আট বছর আগে শেষ সম্বল ২০ শতক জমি বিক্রি করে পাড়ি দেন মালয়েশিয়ায়। সেখানে গিয়ে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কাজ করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন। জুলাই মাসে তাঁর বাড়ি ফেরার কথা।
মালয়েশিয়ায় ওবায়দুর রহমানের সঙ্গে থাকতেন একই গ্রামের একরামুল হক। মুঠোফোনে তিনি বলেন, কুয়ালা টেরেংগানু শহরে ওবায়দুর কাজ করতেন। সোমবার ওই দেশের সময় রাত ১০টার দিকে বাসায় ফেরার জন্য মোটরসাইকেলে রওনা হন তিনি। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দেয়। দুই মোটরসাইকেলের চারজনই আহত হন। ওবায়দুর সাইকেলের পেছনে বসা ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি জানেন না। জানানো হলে আইনগত পদক্ষেপ নেবেন।