মালয়েশিয়ায় ধরপাকড় বাংলাদেশিসহ ৭১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার
মালয়েশিয়াজুড়ে গতকাল রোববার ভোরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইউএনবির।
আটক ব্যক্তিদের মধ্যে ৬০ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। এঁদের বেশির ভাগই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও নেপালের নাগরিক। উপযুক্ত কাগজপত্র না থাকা, কাজের ভুয়া অনুমতিপত্র ও মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করায় মালয়েশিয়ার বুকিট রাজা, ক্লাং ও ডেংকিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, তা এখনো জানা যায়নি।
শনিবার অভিযান চলাকালে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, পুলিশ, সশস্ত্র বাহিনী, রেল, সিভিল ডিফেন্স ও ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের ১৭৫ জন কর্মকর্তা অংশ নেন।
ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপপরিচালক (প্রয়োগ) সর্বনা কুমার জানান, অভিবাসন আইন অনুসারে গ্রেপ্তার ব্যক্তিদের খুঁটিনাটি তদন্ত করে দেখা হবে এবং তাঁদের তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হবে। আর স্থানীয় নিয়োগদাতার ক্ষেত্রে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা ছয়টি বেত্রাঘাত কিংবা তিন ধরনের শাস্তিই প্রযাজ্য হবে।
সর্বনা কুমার আরও জানান, এটা প্রথম দফার অভিযান এবং চলতি বছরের শেষ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। মালয়েশিয়াজুড়ে প্রায় চার লাখ অবৈধ অভিবাসী এবং তাদের কাজে নিয়োগদানকারী ৪৫ হাজার জনকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন সময়ে এসব অভিযানে এক লাখ ৩৫ হাজার কর্মকর্তা অংশ নেবেন।