মালয়েশিয়ায় বাংলাদেশি ২ নির্মাণশ্রমিক নিহত
মালয়েশিয়ায় একটি নির্মাণ প্রকল্পে ঢালাই দেওয়ার পর ছাদ ধসে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, গতকাল বুধবার বিকেলে দেশটির সেলেনগর রাজ্যের উপশহর সুবাং জায়া এলাকার পুত্রা হাইটসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের নাম জানিয়েছে বারনামা। তিনি মো. সুমন মোল্লা, বয়স অনুমানিক ৩০। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
সেলেনগর ফায়ার ও রেসকিউ বিভাগের সহকারী পরিচালক (অপারেশন) মো. সানি হারুল জানান, গতকাল রাত ১০টা ২৪ মিনিটে একজনের এবং ১টা ১০ মিনিটে অন্যজনের লাশ উদ্ধার করা হয়। লাশ দুটো সেরদাং হাসপাতালে পাঠানো হয়েছে।
সানি বারমেনকে বলেন, দ্বিতীয় তলায় ছয়জন শ্রমিক ঢালাই ছাদ সমান করার সময় বিকেল ৪টা ২০মিনিটে তা ভেঙে পড়ে। এতে নিচের তলায় কাজ করা দুই শ্রমিক আটকা পড়েন। আহত হন ওপর থেকে পড়ে যাওয়া ছয় শ্রমিকের চারজন। তাঁদের পুত্রজায়া ও সেরদাং হাসপাতালে পাঠানো হয়েছে।
সানি জানান, সেলেনগর ফায়ার ও রেসকিউর কর্মীরা দ্বিতীয় লাশটি পাওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন।