মালয়েশিয়ায় বিমের নিচে চাপা পড়েছেন তিন বাংলাদেশি, মৃত্যুর আশঙ্কা
মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়ালসড়কের একটি বিমের নিচে তিন বাংলাদেশি শ্রমিক চাপা পড়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিকেরা হলেন মো. ফারুক খান, মোহাম্মদ ইলাহী হোসেইন ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিক। মালয়েশিয়ার কোতা দামানসারা এলাকায় ওই উড়ালসড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান মাস র্যাপিড ট্রানজিট করপোরেশনের (এমআরটি কর্প) এক বিবৃতিতে এ কথা জানায়। খবর দ্য স্টার ডটকমের।
বিবৃতিতে বলা হয়, ৩৮ মিটার লম্বা ও ৩০০ টন ওজনের বিমটি সিমেন্টের তৈরি আড়াআড়িভাবে স্থাপিত কাঠামোর ওপর তোলার সময় হঠাৎ করে নিচে পড়ে যায়। এ সময় এর নিচে অবস্থানরত বাংলাদেশের এই শ্রমিকেরা চাপা পড়েন। জরুরি ভিত্তিতে সেখানে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে শ্রমিকেরা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন এমআরটি কর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক ইরা আজহার আবদুল হামিদ। তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।