মালয়েশিয়ায় রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এক সরকারি সফরে প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। আজ মঙ্গলবার সকালে তিনি ঢাকা ছাড়েন।

বাসসের এক খবরে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজি আবদুল রাজাকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

বিকেলের (মালয়েশিয়ার সময়) দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) তাঁর পৌঁছার কথা। মালয়েশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হামজা জইনউদ্দিন, মানবসম্পদবিষয়ক উপমন্ত্রী শ্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে তাঁকে হোটেল গ্র্যান্ড হায়াত কুয়ালালামপুরে নেওয়া হবে। সফরকালে তিনি সেখানে থাকবেন। প্রধানমন্ত্রী আজ বিকেলে বাংলাদেশ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ওই হোটেলে দেখা করবেন।

আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী গ্র্যান্ড হায়াত বলরুমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য-সুবিধাবিষয়ক একটি সংলাপে যোগ দেবেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ী নেতারা ওই বৈঠকে যোগ দেবেন। বিকেলে তিনি পুত্রজায়ার পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এরপর মালয়েশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হবে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন। আগামী বৃহস্পতিবার বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।