মালয়েশিয়ার মতোই মধ্যপ্রাচ্যে লোক যাবে: প্রবাসীকল্যাণ-মন্ত্রী

মালয়েশিয়ার মতোই মধ্যপ্রাচ্যেও সরকারিভাবে লোক পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার সকালে সরকারি ব্যবস্থাপনায় আরও ৯০ জন কর্মীর মালয়েশিয়া যাওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত ২৫ এপ্রিল ৭০ জন কর্মী পাঠানোর মধ্য দিয়ে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়। এরপর ১৯৮ জন কর্মী গেলেও দীর্ঘ চার মাস কর্মী পাঠানো বন্ধ ছিল। তবে আজ আবার কর্মী যাওয়া শুরু হয়। এ উপলক্ষে আশকোনার হজ ক্যাম্পে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসীকল্যাণ-সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ-মন্ত্রী বলেন, মালয়েশিয়ার জাতীয় নির্বাচন ও সরকার গঠনের কারণে কর্মী যেতে চার মাস দেরি হয়েছে। তবে এখন থেকে নিয়মিতভাবে কর্মী যাবেন।
মালয়েশিয়ার মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও সরকারিভাবে লোক পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসন ব্যয় কমাতে প্রধানমন্ত্রী নিজে আলোচনা করছেন। আশা করা যাচ্ছে, এসব দেশেও শিগগিরই ২০-৩০ হাজার টাকায় কর্মী পাঠানো যাবে।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ার একটি প্রদেশ বাংলাদেশ থেকে আরও ৫০ হাজার শ্রমিকের চাহিদা দিয়েছে। দু-এক মাসের মধ্যেই এই ৫০ হাজার শ্রমিক পাঠানো শুরু হবে।
খন্দকার মোশাররফ বলেন, শ্রমিকদের অতিরিক্ত অভিবাসন খরচ করতে হয়। ফলে সে অর্থ তুলতেই তাঁদের অবৈধ পন্থা অবলম্বন করতে হয়। কাজেই কোনোভাবেই অভিবাসন খরচ দুই মাসের বেতনের বেশি হতে পারবে না। জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার বিদেশ থেকে চাহিদা আনুন। তবে অভিবাসন ব্যয় যেন চার-পাঁচ লাখ টাকা না হয়। শ্রমিকের দুই মাসের বেতনের পরিমাণ খরচে যদি বিদেশ থেকে চাহিদা আনতে পারেন, তাহলে আমি জনশক্তি রপ্তানি রিক্রুটিং এজেন্সির হাতে তুলে দেব।’
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারাই হলেন এখন দেশের রাষ্ট্রদূত। সেখানে যদি আপনারা কোনো অন্যায় কাজ না করেন, সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে মালয়েশিয়া বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহী হবে। আপনাদের ওপর পুরো দেশের দায়িত্ব রইল।’
সরকারের তৈরি ডাটাবেজ থেকেই শ্রমিক পাঠাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শুধু মালয়েশিয়াতেই নয়, সারা বিশ্বেই এই ডাটাবেজ থেকে লোক পাঠাতে হবে। এতে করে দেশের সব প্রান্তের জনগণ বিদেশ যাওয়ার সুযোগ পাবে।’