বাংলাদেশের প্রবৃদ্ধির অংশীদার হতে প্রধানমন্ত্রীর আহ্বান
মালয়েশিয়ার সঙ্গে চার চুক্তি ও সমঝোতা সই

জনশক্তি রপ্তানি, ভিসা-প্রক্রিয়া সহজ করা, পর্যটন খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়—এ চারটি বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বুধবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সে দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন আবদুল রাজাক আনুষ্ঠানিক বৈঠক করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে ওই বৈঠকের পর এ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। খবর বাসসের।
ভিসা-সংক্রান্ত চুক্তির ফলে এখন থেকে দুই দেশের অফিশিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীরা বিমান–বন্দরে নেমে ‘অন-অ্যারাইভাল ভিসা’ পাবেন। আর জনশক্তি রপ্তানির প্রটোকলের ফলে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ তৈরি হবে, যা পর্যায়ক্রমে বেড়ে ৬০ হাজারে উন্নীত হবে।
বাংলাদেশের পক্ষে চুক্তি ও সমঝোতা স্মারকগুলোতে সই করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান–মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে নাজিব বিন তুন আবদুল রাজাক লবিতে তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় একটি শিশু তাঁকে ফুলের তোড়া উপহার দেয়। গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর মালে রয়েল রেজিমেন্টের একটি সুসজ্জিত দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন। সংবর্ধনা শেষে তাঁরা দুই সরকারের পদস্থ কর্মকর্তাদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
কুয়ালালামপুরে গ্র্যান্ড হায়াত হোটেলে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগবিষয়ক এক সংলাপেও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মালয়েশিয়ান বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির অংশীদার হতে আমন্ত্রণ জানান। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন শিথিল ও বিদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট সহজ করাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে আমি বাংলাদেশে যাওয়ার উষ্ণ আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা গিয়ে প্রকৃত বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করুন। বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির বিকাশে নিজেদের অংশীদার করুন।’
শেখ হাসিনা মালয়েশিয়ান বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, ‘আমি মনে করি, সড়ক, বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সরবরাহের মতো অবকাঠামো খাতগুলো আপনাদের মনোযোগ আকর্ষণ করবে। একইভাবে খাদ্য ও কৃষি খাতের পুরোটাই হবে উৎসাহব্যঞ্জক। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিসহ যেকোনো ধরনের অংশীদারির বিষয় বিবেচনা করতে প্রস্তুত রয়েছে।’
পরে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ–কারীদের জন্য বাংলাদেশে গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা, করব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে মালয়েশীয় ব্যবসায়ীদের নানা প্রশ্নের জবাব দেন। মালয়েশীয় ব্যবসায়ীরা আবাসন, নির্মাণ ও অন্যান্য অবকাঠামো নির্মাণ খাতে তাঁদের আগ্রহ ব্যক্ত করেন।