মালাকে গলা টিপে ধরেন স্বামী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার বাড়ি থেকে যৌতুক আনতে অস্বীকৃতি জানালে স্বামী তাঁর স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার জন্য গলা টিপে ধরেন। মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও দুই সন্তানের জননী মালা এখন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। মালার বাড়ি মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুর ইউনিয়নে। মালার পারিবারিক সূত্রে জানা যায়, আট বছর আগে মালার (২২) বিয়ে হয় একই ইউনিয়নের মানিকপুর শিকদারহাট গ্রামের ওয়াজউদ্দিন মাদবরের ছেলে আলফাজ মাদবরের সঙ্গে। বিয়ের সময় যৌতুক হিসেবে দেওয়া হয় ২০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল। এতে খুশি হননি স্বামী। প্রায়ই মালার ওপর অত্যাচার চলত যৌতুকের জন্য। নিরুপায় হয়ে দরিদ্র কৃষক পিতা মালেক মোড়ল একবার ১০ ও একবার তিন হাজার টাকা জোগাড় করে তুলে দেন মেয়ের জামাইয়ের হাতে। সরেজমিনে ১৬ এপ্রিল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে মালা বলেন, ‘বিয়ের পর থেকেই টাকার জন্য উনি আমারে অত্যাচার কইরা আইছে। ১৫ এপ্রিল বাবার কাছ থিকা টাকা আনতে বলেন। আমি টাকা চাইতে অস্বীকার করলে আমাকে লোহার রড, লাঠি দিয়ে পিটায় ও গলা টিপে ধরে।’স্বামী আলফাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বোনের ছেলে দিদার তাঁর মামিকে মারার কথা স্বীকার করে বলেন, ‘আমার মামা মামিকে মেরেছে এটা সত্য। তবে যৌতুকের কারণে কি না, তা আমি জানি না।’ বাবা মালেক মোড়ল বলেন, ‘টাহার লাইগা বারবার মেয়েডারে মারে। এহন শুনছি ও আমার মেয়েরে ছাইড়া দিব। দুইডা পোলাপান হইছে। আমি গরিব মানুষ। ওগো নিয়া কেমুন করমু। তাই থানায় একটা লিখিত অভিযোগ দিছি।’শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ‘মেয়ের বাবা লিখিত অভিযোগ করেছে। হাসপাতালে চিকিৎসারত মালা বিবিকে দেখে প্রাথমিকভাবে বোঝা গেছে যে মেয়েটাকে নির্মমভাবে মেরেছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’