বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মেয়ে তামান্না ফারুকের মালিকানাধীন পোশাক তৈরির কারখানায় ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা ও গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকা থেকে পুলিশ ওই মালামাল উদ্ধার করে। এ ছাড়া ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে গতকাল সোমবার গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীপুরের বানিয়ারচালা এলাকায় তামান্না ফারুকের ‘বিজি কালেকশন’ পোশাক কারখানা থেকে ডাকাতেরা একটি কম্পিউটার, ফেব্রিক্সসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে। ঘটনার পরদিন কারখানার পরিচালক মো. আসাদুজ্জামান জয়দেবপুর থানায় মামলা করেন। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত দুই দিন ওই কারখানার নিরাপত্তারক্ষী হায়দার আলী, আবদুর রশিদ, কামরুজ্জামান, নুরুল ইসলাম, আবুল কাসেম, জসিম উদ্দিন, আজিজুল হক, শাহজাহান মিয়া ও আলাউদ্দিন এবং সেলিম ও লিখনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে গরু জবাই করার দুটি বড় নতুন ছোরা।সংবাদ সম্মেলনে বলা হয়, জয়দেবপুর থানার পুলিশ গত রোববার দিবাগত রাতে কোনাবাড়ীর মিজানুর রহমানের গুদামে অভিযান চালিয়ে লুট হওয়া ৮৪ বস্তায় ভরা পাঁচ টন গ্রে ফেব্রিক্স ও তিন টন ফিনিশড নিট ফেব্রিক্স উদ্ধার করে। তবে লুট হওয়া ল্যাপটপ ও অন্যান্য মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা ও জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গুদামমালিক মিজান কম মূল্যে ডাকাতির মালামাল কিনে থাকেন। লুটের মালামাল কেনার ঘটনায় তাঁর বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় দুটি এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরও দুটি মামলা রয়েছে।