মালামাল লুটে বাধা দেওয়ায় একজনকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা লালমোহনে কোকো-৪ লঞ্চডুবির পরে এলাকার একটি সন্ত্রাসী দল ওই লঞ্চের মালামাল লুটপাটের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় নাজিরপুর স্টুডেন্ট ফোরাম নামের একটি সংগঠন এ কাজে বাধা দেয়। এ ঘটনার জের ধরে সন্ত্রাসীরা ওই সংগঠনের এক সদস্যকে পিটিয়ে জখম করেছে। সোমবার উপজেলার শেখেরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত নাজিরপুর স্টুডেন্ট ফোরামের ওই সদস্যের নাম মো. সেলিম রেজা। তাঁর বাড়ি উপজেলার চরকচ্ছপিয়া এলাকায়। তিনি এখন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। এ ঘটনায় তিনি লালমোহন থানায় বুধবার মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. সেলিম রেজা গত সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লালমোহন ডাকবাংলোর সামনে থেকে রিকশাযোগে নাজিরপুর উদ্দেশে রওনা হন। এ সময় ওয়েস্টার্নপাড়ার জিয়াউল কবীর ওরফে বরকতের নেতৃত্বে শফিক, খোকন, মোসলেহ উদ্দিন, আ. মতলেব, লিটন, মাসুদ ও হারুণ শেখেরবাগান এলাকায় সেলিমের পথরোধ করেন। তাঁরা এ সময় এলোপাতাড়ি পিটিয়ে সেলিমের হাত-পা ভেঙে ফেলেন।জিয়াউল কবীর ওরফে বরকত জানান, তাঁরা সেলিম রেজাকে মারধর করেননি এবং লঞ্চের মালামাল লুটপাটের ঘটনায়ও তাঁরা জড়িত নন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির বলেন, এখনো কোনো আসামি ধরা হয়নি। তাঁরা চেষ্টা চালাচ্ছেন।