দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জরুরি মেরামত কাজের মালামাল সরবরাহ না করতেই ঠিকাদারকে সমুদয় বিল পরিশোধ করা হয়েছে। সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কাজে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে দিনাজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ঠিকাদার সম্পূর্ণ মালামাল সরবরাহ করতে পারেনি। তবে তিনি একটি পে-অর্ডার দিয়ে রেখেছেন। অবশিষ্ট মালামাল সরবরাহ শেষে পে-অর্ডার ফেরত নেবেন। কত টাকার পে-অর্ডার দিয়েছেন—জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী তা না দেখে বলা যাবে না বলে জানান। তবে তিনি দাবি করেন, এ ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।
দিনাজপুর সওজ বিভাগ সূত্র জানায়, সওজ বিভাগের জরুরি মেরামত কাজের মালামাল সরবরাহ করার জন্য চলতি বছরের মে মাসে ঠিকাদারদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে রংপুরের মিঠু এন্টারপ্রাইজ কাজ পায়।
দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদাররা অভিযোগ করেন, কার্যাদেশ পাওয়ার এক মাসের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু রংপুরের ওই ঠিকাদারকে মালামাল সরবরাহ করার আগেই চূড়ান্ত বিল হিসাবে মোট ১৮ লাখ ৩৫ হাজার টাকার পরিশোধ করা হয়েছে।
ঠিকাদারের কাছ থেকে মালামাল বুঝে নেওয়ার দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ। তিনি বলেন, ঠিকাদার ৬০ থেকে ৭০ ভাগ মালামাল সরবরাহ করেছেন। অবশিষ্ট মালামাল যত দ্রুত সম্ভব সরবরাহ করবেন বলে কথা দিয়েছেন।’