
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে হেলে পড়ার শঙ্কায় সিলগালা করে দেওয়া বাড়িটি গতকাল সোমবারও পরীক্ষা করা হয়নি। ফলে বাড়ির বাসিন্দারা তাঁদের মালামাল সরানোর জন্য বাড়িতে ঢুকতে চেয়েও পারছেন না। তাঁদের কয়েকজন আত্মীয়ের বাসায় এবং বাকিরা পাশে একটি বিদ্যালয়ে দিন কাটাচ্ছেন।
চুরির আশঙ্কা থাকায় বাড়ি থেকে মালামাল সরানোর সুযোগ দেওয়ার দাবিতে গতকাল বাসিন্দারা এলাকায় মিছিল করেন। তাঁদের অভিযোগ, মালামাল সরানোর সুযোগ না দিয়েই বাড়িটি সিলগালা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা।
অবশ্য রাজউকের কর্মকর্তারা বলেছেন, বাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পরীক্ষার আগে ঝুঁকির আশঙ্কায় কাউকে সেখানে ঢুকতে দেওয়া হবে না।
গত শনিবার তাজমহল রোডের সি ব্লকের ১৯/৪ নম্বরের চারতলা বাড়িটি হেলে পড়ার আতঙ্কে এর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এরপর বাড়িটি সিলগালা করে রাজউক। বাড়িটির মালিক মৃত সৈয়দ মোহাম্মদ ইউনূসের পরিবার ঢাকার বাইরে থাকে। চারতলা বাড়িতে প্রায় ৩০টি পরিবার ভাড়া থাকে।
চারতলার এক ভাড়াটে তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, রোববার দিবাগত রাত ১২টার দিকে ওই বাড়ির ভেতরে তিনি লোক দেখেছেন। তাঁর সন্দেহ, চোর। তবে বাড়িতে ঢুকতে না পারায় কিছু চুরি হয়েছে কি না, তা জানতে পারছেন না।
চারতলার আরেক বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘রাজউকের লোকেরা কিছু আনার সুযোগ না দেওয়ায় তিন দিন ধরে আমরা এক কাপড়ে আছি। আত্মীয়ের বাসায় থাকছি। এভাবে কত দিন থাকব?’
কয়েকজন অভিযোগ করেন, চুরি হওয়ার আশঙ্কার বিষয়টি তাঁরা বাড়ির সামনে পাহারারত পুলিশ সদস্যদের জানালেও কোনো ব্যবস্থা নেননি। তাই মালামাল আনার সুযোগের দাবিতে গতকাল বিকেলে তাঁরা মাদ্রাসা রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
সরেজমিনে দেখা গেছে, সিলগালার পর বাড়ির সামনে মোট ১২ জন পুলিশ দুই ভাগে ভাগ হয়ে ২৪ ঘণ্টা পাহারায় রয়েছেন। বাসিন্দাদের অভিযোগ সম্পর্কে কথা বলতে গিয়ে কর্মকর্তা পর্যায়ের কাউকে সেখানে পাওয়া যায়নি।
পাহারারত এক পুলিশ সদস্য বলেন, প্রধান ফটক ও পেছনের ফটক সিলগালা করার পর তাঁরা কোনো বাইরের লোককে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। বাড়ির ভেতরে কাউকে তাঁরা দেখেননি।
ওই বাড়ির বাসিন্দাদের মোহাম্মদপুর আইডিয়াল স্কুলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম বলেন, এটি এখন রাজউকের ব্যাপার। কারণ, রাজউক বাড়িটি সিলগালা করেছে। তারা খুলে না দেওয়া পর্যন্ত ওই বাড়ি খোলার সাধ্য তাঁর নেই। মালামাল চুরি হয়ে থাকলে ব্যাপারটি তিনি খতিয়ে দেখবেন।
এ ব্যাপারে রাজউকের অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম বলেন, বাড়িটির বাসিন্দাদের শনিবার রাত নয়টা পর্যন্ত মালামাল সরানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তাঁরা মালামাল সরাননি। যেহেতু বাড়িটি সিলগালা করা হয়েছে, তাই বুয়েটের বিশেষজ্ঞ দলের কাছ থেকে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি খুলে দেওয়া যাবে না। তিনি বলেন, বাড়িটি পরীক্ষা-নিরীক্ষার জন্য বুয়েটের ব্যুরো অব রিসার্চ অ্যান্ড টেস্টিং শাখায় রোববার সকালে বাড়ির মালিকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বাড়ির মালিক পরীক্ষার ফি দিলে কাল (আজ মঙ্গলবার) বুয়েটের দল যাবে। সাত দিনের মধ্যে বুয়েটের প্রতিবেদন রাজউককে জমা দিতে মালিকদের বলা হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বাড়ির মালিকের পুত্রবধূ আঞ্জুমান আরা মোবাইলে প্রথম আলোকে বলেন, তাঁর পরিবারের দুজন বিষয়টি দেখছেন। তিনি যত দূর জানেন, গতকালই বাড়ি পরীক্ষার ফি জমা দেওয়ার কথা।