মালালার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
নারীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের কর্মী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবান জঙ্গিদের হামলার প্রতিবাদে গতকাল বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি এবং শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহমঞ্চদ জাফর ইকবাল, ওই কমিটির সভাপতি ইয়াসমীন হক ও সদস্যসচিব নাজিয়া চৌধুরী, প্রক্টর হিমাদ্রী শেখর রায় উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত মৌন মিছিলে শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন। পরে প্রক্টর হিমাদ্রী শেখর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। তিনি বলেন, ‘মালালা সারা বিশ্বের প্রতিবাদী কণ্ঠস্বরের প্রতীক। আর যারা মালালার ওপর হামলা চালিয়েছে তারা অন্ধকারে নিমজ্জিত মানুষ। বিশ্বের কোনো মেয়েই যেন এ রকম নির্যাতনের শিকার না হয় এবং সভ্যতার অগ্রযাত্রা থেমে না যায়, সে ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে।’ কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় মৌলবাদের কারণে এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে মেয়েরা। বিশ্বের সব মানবতাবাদী মানুষকে তার (মালালা) পাশে দাঁড়ানো উচিত। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, ‘তালেবান নামক ধর্মান্ধরা পাকিস্তান দেশটাকে ধ্বংস করছে। আমাদের দেশেও কিছুদিন আগে রামুতে ধর্মান্ধ গোষ্ঠী হামলা চালিয়েছে। আমরা যার যার ধর্ম পালন করব সুন্দরভাবে। কিন্তু ধর্মান্ধ হয়ে এ ধরনের কাজ করব না। ওই গোষ্ঠীর যেকোনো গুজবে যেন এ রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি ইয়াসমীন হক পাকিস্তানে তাঁর কৈশোর জীবনের স্মৃতিচারণা করে বলেন, ‘মালালার ওপর যে জায়গায় হামলা হয়েছে (সোয়াত উপত্যকা) সেটি একসময় পৃথিবীর অন্যতম সুন্দর ও দর্শনীয় স্থান ছিল। তালেবান জঙ্গিদের হামলায় এটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মালালার ওপর হামলার বিরুদ্ধে আমাদের যে অবস্থান তা পাকিস্তান দূতাবাস, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে।’ নাজিয়া চৌধুরী মালালাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা চাই, তুমি পড়াশোনা করে এগিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে আছি।’ এ ছাড়া শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেনও সমাবেশে বক্তব্য দেন।