প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানে নারীশিক্ষা অধিকারকর্মী কিশোরী স্কুলছাত্রী মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবানের গুলির ঘটনায় তীব্র ঘৃণা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। খবর বাসস ও ইউএনবির।শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনের হত্যাযজ্ঞে নির্মমভাবে নিহত হয়েছিলেন।শেখ হাসিনা শিশুদের উদ্দেশে বলেন, ‘তোমরাই (শিশুরা) এ দেশের ভবিষ্যৎ নেতা হবে। আমার দৃঢ় বিশ্বাস, আমরা ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করব। আর সুশিক্ষিত হয়ে তোমাদেরই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, যুব সমপ্রদায় ও পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে সুখ-সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, যুব ও কিশোরদের মাঝে বাংলাদেশকে এগিয়ে নেওয়া এবং এ দেশকে সমৃদ্ধ দেশে পরিণত করার সামর্থ্য, সাহস ও উদ্যম রয়েছে।’ তিনি সরকারের দেওয়া সব সুযোগ-সুবিধা নিজেদের মেধা ও গুণাবলি বিকাশে কাজে লাগাতে যুব ও কিশোরদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে জাতির যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে তোমরা লেখাপড়ার প্রতি সর্বোচ্চ মনোযোগ দেবে।’ তিনি বলেন, ‘আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে সক্ষম।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, পরিষদের চেয়ারম্যান এম রকিবুর রহমান ও মহাসচিব মাহমুদ-উজ-সামাদ চৌধুরী বক্তৃতা করেন। শিশু কল্যাণে নেওয়া বর্তমান সরকারের বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আগামী প্রজন্মকে আধুনিক বিজ্ঞান, সংস্কৃতি, প্রযুক্তিসহ শিক্ষার সব শাখায় জ্ঞানসমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। রাসেলের হত্যাকারীদের ১৯৭৫-পরবর্তী সরকারগুলোর দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা কেবল নিন্দনীয় ও দুঃখজনক ঘটনাই নয়, এটি লজ্জাজনক বিষয় যে তারা খুনিদের রক্ষা করতে চেয়েছিল।শেখ হাসিনা শারীরিক প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে সব কাজে তাদের পাশে দাঁড়াতে এবং তাদের সাহায্য করতে শিশুদের প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী জন্মবার্ষিকী উপলক্ষে পরিষদ আয়োজিত সাংস্কৃতিক, চিত্রাঙ্কন ও দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।