মালিক এসে নিয়ে গেলেন হাতিটি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আক্রমণকারী হাতিটিকে গত সোমবার সন্ধ্যায় তার মালিক সিলেটে ফিরিয়ে নিয়ে গেছেন। এ সময় তিনি হাতির হামলায় নিহত তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দেন।
গত শনিবার ভোরে পোষা হাতিটি মোল্লাহাট উপজেলার তিন গ্রামে আক্রমণ চালিয়ে দুই নারীসহ তিনজনকে হত্যা করে। নিহত ব্যক্তিরা হলেন মনোয়ারা বেগম (৪৫), কুসুম বিশ্বাস (৬১) ও মিজানুর রহমান ফকির (৪৫)।
পরে শুক্রবার সকালে হাতিটি উপজেলার বাসাবাড়ি গ্রামের এক বাঁশবাগানে অবস্থান নেয়। মাহুত ফারুক শেখ হাতিটির পায়ে শেকল দিয়ে বেঁধে রাখতে পারলেও তাকে বাগান থেকে বের করতে পারেননি। নিয়ে যাওয়ার আগ পর্যন্ত হাতিটি সেখানে অবস্থান করে।
হাতির মালিক আবদুল মতিন সোমবার দুপুরে মোল্লাহাট পৌঁছান। তিনি তিনটি হত্যাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ৬০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেন। সন্ধ্যার দিকে তিনি হাতিটিকে নিয়ে সিলেটের দিকে রওনা হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আবদুল মতিন যখন হাতিটির কাছে যান, তখন হাতিটি খুবই শান্ত ছিল। সে মালিকের পিছু পিছু হেঁটে রওনা দেয়।
আবদুল মতিন বলেন, ‘১৫ বছর ধরে আমি হাতিটি পালন করছি। এ ধরনের ঘটনা এটাই প্রথম। পোষা হাতিরা সব সময় মানুষের সংস্পর্শে থাকে। বিরক্ত বা অত্যাচার করা না হলে ওরা মানুষের ওপর ক্ষুব্ধ হয় না। ওকে অত্যাচার করা হয়েছিল। আমি হাতির শরীরে রক্তাক্ত আঘাত পেয়েছি। হাতির বাঁ কানের গোড়া দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল।’
আটজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মোল্লা বলেন, ‘হাতির মালিক নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহযোগিতা করায় আমরা খুশি হয়েছি। আরও খুশি হয়েছি হাতিকে গ্রাম থেকে সরিয়ে নেওয়ায়। কেননা হাতিটি এখানে থাকায় গ্রামবাসী আবারও হাতির আক্রমণের আতঙ্কে ভুগছিল।’
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, সোমবার সন্ধ্যায় মালিক হাতিটি বাসাবাড়ি গ্রামের বাঁশবাগান থেকে বের করে আনেন এবং সেটি নিয়ে সিলেটের উদ্দেশে বাগেরহাট ত্যাগ করেন।