
শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে গত রোববার চট্টগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে মালিক ও শ্রমিকদের মধ্যে ঐক্য ও সুসম্পর্ক গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
ওয়াসা মোড়ে বিকেলে হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অন্যতম কারিগর শ্রমিকেরা। কাঙ্ক্ষিত উৎপাদন ও উন্নয়নের ক্ষেত্রে মালিক ও শ্রমিকদের ঐক্যের বিকল্প নেই।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সদস্য নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. সফর আলী, বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর নাজমুল হক, বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলী আকবর প্রমুখ।
লালদীঘি মাঠে রোববার বিকেলে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্দেশে তিনি বলেন, ‘নগরের উন্নয়ন করুন। কর অবশ্যই দেব। কাউকে কর না দেওয়ার জন্য উসকানি দেব না।’
নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য দেন নাগরিক মঞ্চের আহ্বায়ক এ কে এম বেলায়েত হোসেন, নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
নগরের ডিসি হিলে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি চন্দন দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উদীচী চট্টগ্রাম জেলার সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সফল হতে হবে। বাংলাদেশকে শোষণহীন রাষ্ট্রে পরিণত করতে হবে।