মালিক-কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ, মানববন্ধন
আগুনে পুড়ে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের মালিক ও কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক সমাবেশ ও মানববন্ধন থেকে নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।জাতীয় মুক্তি কাউন্সিলের সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের মৃত্যুর ঘটনায় তাজরীন ফ্যাশনসের মালিকের নাম বাদ দিয়ে প্রতিবেদন তৈরি করেছে তদন্ত কমিটি। কাউন্সিলের নেতা মিনহাজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সম্পাদক ফয়জুল হাকিম, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের দেলওয়ার হোসেন প্রমুখ। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় পরিচালনা কমিটির নেতা আমিরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া প্রমুখ।