মালিক বগুড়ার, অটোরিকশার নিবন্ধন জয়পুরহাট থেকে!
কাগজে-কলমে জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা দেখিয়ে পার্শ্ববর্তী বগুড়ার মালিকেরা জয়পুরহাট বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয় থেকে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, গত এপ্রিল পর্যন্ত জয়পুরহাট বিআরটিএ থেকে নিবন্ধন পাওয়া প্রায় ২৫০টি অটোরিকশার মালিকদের প্রায় সবাই তাঁদের আবেদনের নথিতে কালাইয়ের বিভিন্ন গ্রামের ঠিকানা ব্যবহার করেছেন। নথিতে কালাইয়ের ঠিকানা উল্লেখ করলেও অটোরিকশার মালিকদের সিংহভাগই বগুড়ার বাসিন্দা। বগুড়া বিআরটিএতে নিবন্ধন না পেয়ে তাঁরা কৌশলে কালাইয়ের ভুয়া ঠিকানা ব্যবহার করছেন। সড়কে চলাচলের অনুমতিপত্র (রুট পারমিট) ও নিবন্ধন নিতে হলে নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে—বিআরটিএতে এমন শর্ত থাকায় অনেকে এ কৌশলের আশ্রয় নিচ্ছেন।ওইসব ঠিকানায় খোঁজ নিয়ে দেখা গেছে, সেখানে ওই নামে কোনো ব্যক্তিই নেই। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরাও দাবি করেছেন, ওই নামে তাঁরা কাউকে নাগরিকত্ব দেননি। চেয়ারম্যানদের সিল ও সই জাল করে ভুয়া নাগরিকত্ব দাখিল করে বিআরটিএ থেকে নিবন্ধন হাতিয়ে নেওয়া হয়েছে। ভুয়া ঠিকানা ব্যবহার করে অটোরিকশার নিবন্ধন দেওয়ার সঙ্গে বিআরটিএর অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালেরা জড়িত। নাম প্রকাশ না করার শর্তে বগুড়ার একাধিক অটেরিকশার মালিক জানান, সরকারিভাবে অটোরিকশার নিবন্ধন ফি ছয় হাজার ১৮০ টাকা। নির্ধারিত ফির বাইরে দালালদের হাতে অতিরিক্ত আট-দশ হাজার টাকা তুলে দিলেই জয়পুরহাট বিআরটিএ থেকে মিলে যায় কাঙ্ক্ষিত নিবন্ধন। শিবগঞ্জ ও বগুড়ার কয়েকজন দালাল এ কাজে জড়িত।জয়পুরহাট বিআরটিএ কার্যালয় থেকে সম্প্রতি নিবন্ধন দেওয়া জয়পুরহাট-থ-১২০৮ নম্বরের অটোরিকশার মালিকের আবেদনের নথিতে নাম ও ঠিকানা সাইফুল ইসলাম, পুনট, কালাই উল্লেখ করা হয়েছে। অপরদিকে জয়পুরহাট-থ-১১-০১১৩ নিবন্ধনের অটোরিকশার মালিকের নাম, ঠিকানায় আবদুর রশিদ, প্রযত্নে: কেরামত আলী, গ্রাম: পাঁচগ্রাম, পুনট, কালাই—এই ঠিকানা উল্লেখ করা হয়েছে। ঠিকানা দুটিতে সাইফুল ইসলাম ও আবদুর রশিদ নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। পুনট ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুস ফকির দাবি করেন, স্ব স্ব ঠিকানায় ওই দুই নামে কোনো অটোরিকশার মালিক নেই এবং তাঁদের তিনি কোনো নাগরিকত্বও দেননি।উপজেলার কুজাইল লয়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, তিনি সম্প্রতি জয়পুরহাট-থ-০০৪৩ নম্বরের একটি অটোরিকশা বগুড়ার এক ব্যক্তির কাছ থেকে কেনেন। অথচ নিবন্ধনের নথিতে মালিকের নাম জুয়েল ও ঠিকানা কালাইয়ের ইটাইল গ্রাম উল্লেখ রয়েছে। কিন্তু ওই ঠিকানায় তিনি কোনো মালিককে খুঁজে পাননি। জিন্দারপুর ইউপির চেয়ারম্যান আবদুস সোবহান বলেন, ‘ইটাইল গ্রামে জুয়েল নামে অটোরিকশার কোনো মালিক নেই। এ জন্য কাউকে নাগরিকত্বও দেওয়া হয়নি।’কালাই উপজেলার চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের নিয়ম থাকলে এমনটা ঘটত না। কারণ, নাগরিকত্ব জাল করা গেলেও জাতীয় পরিচয়পত্র জাল করার সুযোগ নেই। এ উপজেলায় সাকল্যে ৫০-৬০টি অটোরিকশা আছে বলে জানান চেয়ারম্যান। জয়পুরহাট বিআরটিএ কার্যালয়ের দায়িত্বে থাকা সহকারী পরিচালক মো. ফজলুর রহমান (বর্তমানে সিরাজগঞ্জে বদলি হয়েছেন) বলেন, জাল নাগরিকত্ব দাখিলের মাধ্যমে কেউ ভুয়া ঠিকানায় নিবন্ধন নিয়ে থাকলে বিআরটিএর কিছুই করার নেই। কারণ, আবেদনকারীর ঠিকানা যাচাই-বাছাই করা বিআরটিএর পক্ষে সম্ভব না। উৎকোচের মাধ্যমে বগুড়ার মালিকদের অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়েছে—এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।