মালিক রানার সম্পত্তি বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত প্রায় ছয় বিঘা জমি বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে রানা প্লাজার চারটি পোশাক কারখানার মালামালও বাজেয়াপ্ত করা হয়। হাইকোর্টের এক আদেশ অনুযায়ী ঢাকা জেলা প্রশাসক এসব সম্পদ বাজেয়াপ্ত করেন।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ ও সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. লিয়াকত আলী এসব সম্পদ বাজেয়াপ্তের বিষয় নিশ্চিত করেছেন। সরেজমিনেও সম্পদ বাজেয়াপ্তের নোটিশ দেখা গেছে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, হাইকোর্টের এক নির্দেশ অনুসারে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রায় এক সপ্তাহ আগে সোহেল রানার মালিকানাধীন রানা প্লাজার ১৮ শতাংশ, সাভার বাজার রোডে রানা টাওয়ারের ১০ শতাংশ ও ধামরাইয়ের কালামপুরে একটি ইটভাটার এক একর ৪৬ শতাংশ জমি সরকারের অনুকূলে বাজেয়াপ্তের চূড়ান্ত আদেশ দেন। সে অনুযায়ী বাজেয়াপ্তকৃত সব সম্পত্তিতে গত বুধবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাজেয়াপ্তের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ধামরাই ও সাভার উপজেলা পরিষদ সূত্র জানায়, গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদসহ ধসে পড়া রানা প্লাজার চার পোশাক কারখানার মালামাল জব্দের বিষয়ে একটি রুল জারি করেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নিয়ে ও সরেজমিন তদন্ত শেষে সাভার ও ধামরাইয়ে সোহেল রানার নামে ১৭৪ শতাংশ জমির সন্ধান পাওয়া যায়। পরে ঢাকা জেলা প্রশাসক এসব জমি বাজেয়াপ্ত ঘোষণা করলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তা কার্যকর করা হয়েছে।
ধসে পড়া রানা প্লাজায় উদ্ধার অভিযান শেষ হওয়ার পর থেকে সেখানে কাটা তার ও টিনের বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছে জেলা প্রশাসন। এ ছাড়া ফাটল দেখা দেওয়ায় বাজার রোডে সোহেল রানার মালিকানাধীন আটতলা রানা টাওয়ারটিও রানা প্লাজা ধসের পরপরই পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ভবনে বাটার শো-রুম ও ব্যাংকসহ বেশ কিছু প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। পরিত্যক্ত ঘোষণার পর ভবনটি থেকে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যালয় সরিয়ে নেয়। এ ছাড়া ধামরাইয়ের কালামপুরে রানার মালিকানাধীন ইটভাটাটিও রানা প্লাজা ধসের পর থেকে বন্ধ রয়েছে।
অন্যদিকে রানা প্লাজা ধসের পর অভিযান চলাকালে ধ্বংসস্তূপের সঙ্গে ভবনটির পোশাক কারখানাগুলোর মালামাল ও যন্ত্রপাতিও সরিয়ে ফেলা হয়। এসব মালামাল ও যন্ত্রপাতি রানা প্লাজার পেছনে একটি ডোবায় ও সাভার মডেল থানার অদূরে বংশী নদীর তীরে স্তূপাকারে রেখে দেওয়া হয়েছে।
সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী বলেন, পোশাক কারখানাগুলোর এই যন্ত্রপাতি ও মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী সময়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনাটি ঘটে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক হাজার ১৩৪ জন পোশাককর্মী।