মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়নের লক্ষ্যে দেশপ্রেমের সর্বোচ্চ চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন কলকারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। মহান মে দিবস উপলক্ষে গত রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা অর্জনের অন্যতম লক্ষ্য ছিল শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন। বর্তমান সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে।’ তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মহা দারিদ্র্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার আহ্বান জানিয়ে বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠাই তাঁর সরকারের লক্ষ্য।আলোচনা সভায় আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি বেগম রোকেয়া আফজাল রহমান, আন্তর্জাতিক শ্রম সংস্থার আবাসিক প্রতিনিধি আঁদ্রে বোগুই ও শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদী।প্রধানমন্ত্রী শ্রমিকদের প্রতি মালিকদের সহানুভূতি প্রত্যাশা করে শ্রমিকদের স্মরণ করিয়ে দেন, যে মিল-কারখানা তাঁদের রুটি-রুজির ব্যবস্থা করে, তা ধ্বংস করা যাবে না। তিনি শ্রমিক-মালিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো মালিকই শ্রমিকদের অসুখী রেখে টিকে থাকতে পারেন না। তিনি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার আহ্বান জানিয়ে বলেন, সরকার আপনাদের সঙ্গে আছে। দেশের কল্যাণে আপনারা কাজ করে যান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আদমজীসহ দেশের মিল- কলকারখানা বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে বন্ধ পাটকলগুলো চালু করছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ আর দুর্নীতি ছাড়া দেশের মানুষকে কিছুই দিতে পারেনি।শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দল আমাদের আন্দোলনের হুমকি-ধমকি দিচ্ছে। আমরা আন্দোলনের হুমকিতে ভয় পাই না। কারণ আন্দোলন-সংগ্রাম করেই দেশে গণতন্ত্র এনেছি, নির্বাচন আদায় করেছি। তাই আমাদের আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না। যত হুমকি-ধমকি আসুক না কেন, আমরা জনগণের কল্যাণেই কাজ করে যাব।’আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শ্রমমেলা পরিদর্শন করেন। পরে তিনি মহান মে দিবস উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।