মালিক-শ্রমিকদের সংখ্যানুপাতে যাত্রী প্রতিনিধি রাখার দাবি
গণপরিবহনের ভাড়া নির্ধারণ কমিটিতে মালিক-শ্রমিক প্রতিনিধির সংখ্যানুপাতে যাত্রী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। এতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর সিএনজির মূল্যবৃদ্ধির পর পুনরায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির তোড়জোড় শুরু হয়েছে। যাত্রী সাধারণের মতামত উপেক্ষা করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৬০ ভাগ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। বাস মালিক সমিতির পক্ষ থেকেও বাস ভাড়া ২৫ ভাগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমানে নিম্নমানের যাত্রীসেবার বিনিময়ে যে ভাড়া নির্ধারণ করা আছে, তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। লিখিত বক্তব্যে বলা হয়, সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ কমিটির ৬ সদস্যের মধ্যে ৪ জনই মালিক ও শ্রমিক প্রতিনিধি। অপরদিকে বাস ভাড়া নির্ধারণ কমিটির ১২ সদস্যের মধ্যে ৭ জনই মালিক সমিতির প্রতিনিধি, বাকি ৫ সদস্য সরকারি কর্মকর্তা। তাই যাত্রীস্বার্থ বরাবরই উপেক্ষিত হচ্ছে এবং মালিক-শ্রমিকদের স্বার্থ একচেটিয়াভাবে প্রাধান্য পাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ। বিজ্ঞপ্তি।