হবিগঞ্জ-সিলেট রুটে নতুন বাস সার্ভিস চালু নিয়ে বাস মালিক সমিতির দুই পক্ষের মধ্যে আবারও বাস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি পক্ষ গতকাল মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।জেলা প্রশাসন ও বাস মালিক সমিতির সূত্রে জানা যায়, হবিগঞ্জ ও সিলেটের কয়েকজন ব্যবসায়ী তিন বছর আগে হবিগঞ্জ-সিলেট রুটে সুপার এক্সপ্রেস নামে একটি বাস সার্ভিস চালু করেন। কিন্তু এটাকে মেনে নেয়নি এই রুটের পুরোনো বাস মালিক সমিতি ‘হবিগঞ্জ মটর মালিক’। এ নিয়ে দুই পক্ষের বেশ কয়েকবার মারামারি ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। মামলা-মোকদ্দমা হয়েছে আদালতে।হবিগঞ্জ মোটর মালিকপক্ষের দাবি, গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া তাদের বাসগুলো সিলেটে পৌঁছালে সুপার এক্সপ্রেসের লোকজন এসব গাড়ি ভাঙচুর ও গাড়ির শ্রমিকদের মারধর করে।প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিকপক্ষ বেলা একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ ও মীরপুর এলাকায় অবরোধ সৃষ্টি করে। তারা এলোপাতাড়িভাবে বাস রেখে মহাসড়ক বন্ধ করে দেয়। ফলে বৃহত্তর সিলেটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মহাসড়কের দুই দিকে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। অবরোধ প্রত্যাহারে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটর মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে।হবিগঞ্জ মোটর মালিকপক্ষের সাধারণ সম্পাদক সফিকুর রহমান চৌধুরী বলেন, সোমবার রাতে প্রশাসনের সমঝোতা বৈঠকের পর সিলেটের উদ্দেশে তাঁদের বাস ছেড়ে যায়। তাঁর অভিযোগ, এর পরও সুপার এক্সপ্রেসের মালিক-শ্রমিকেরা তাঁদের বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করেছেন।অভিযোগ অস্বীকার করে সুপার এক্সপ্রেস মালিক সমিতি ও সিলেট আন্তজেলা চেয়ার কোচ সমিতির সভাপতি জলিল মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো গাড়ি বা বাস ভাঙচুর করিনি। মোটর মালিকপক্ষ তাদের অকেজো কয়েকটি বাস নিজেরাই ভেঙে এর দায় আমাদের ওপর চাপাতে চাচ্ছে।’হবিগঞ্জ পুলিশ সুপার কামরুল আমীন বলেন, বাস মালিক সমিতির দুই পক্ষের মধ্যকার বিরোধ মীমাংসার চেষ্টা চলছে।গতকাল রাত সাড়ে দশটার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।