নাটোর ও রাজশাহীর বাসমালিকদের দ্বন্দ্বের কারণে গতকাল বুধবার দুপুর থেকে নাটোর-রাজশাহী মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
নাটোর বাস টার্মিনালের লোকজন জানান, বেলা তিনটার দিকে হঠাৎ করে নাটোর বাস মালিক সমিতির লোকজন বাস টার্মিনালে অবস্থিত রাজশাহীর মালিকদের ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। এ খবর ছড়িয়ে পড়লে রাজশাহীতে নাটোরের মালিকদের বাস কাউন্টারগুলো বন্ধ করে দেন সেখানকার বাস মালিক সমিতির লোকজন। ফলে নাটোর-রাজশাহী সড়কে বেলা তিনটার পর থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষ্মণ পোদ্দার বলেন, ‘দুই মালিক সমিতির মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। মীমাংসার জন্য দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। ীমাংসা না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’ তবে কী নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।