মালিক সমিতির বাধায় বিআরটিসির বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির বাধার কারণে তাড়াইল-ভৈরব-ঢাকা সড়কে চলাচলকারী বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা) বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা।বাস মালিক সমিতির অভিযোগ, অনুমোদন না নিয়ে বেআইনিভাবে ওই পথে বাস চালানো শুরু করে বিআরটিসি। তবে সড়ক পরিবহন সংস্থার দাবি, বিআরটিসির বাস চলাচলের জন্য কোনো রুট পারমিটের (অনুমতিপত্র) প্রয়োজন হয় না। বিআরটিসি মতিঝিল বাস ডিপোর ব্যবস্থাপক মো. খান কামাল বলেন, ১৯৬১ সালের অর্ডিন্যান্স মোতাবেক প্রয়োজন মনে করলে বাংলাদেশের যেকোনো সড়কে বাস চালাতে পারে বিআরটিসি। এ জন্য কোনো রুট পারমিটের প্রয়োজন হয় না। বিআরটিসি কর্তৃপক্ষ সূত্র জানায়, গত বছর ওই রুটে দুটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস চলাচল শুরু হয়। কিন্তু শুরু থেকেই বিভিন্নভাবে মালিক সমিতি বাস চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। বাস ভাঙচুর, মাঝপথে জোর করে যাত্রী নামিয়ে দেওয়াসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কারণে মাত্র আট মাসের মাথায় গত রোববার বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এলাকাবাসী জানান, এসি বাস হলেও বিআরটিসি বাসের ভাড়া ওই রুটে চলাচলকারী সাধারণ বাসের (নন-এসি) চেয়ে কম। ৪৫ আসনের বিআরটিসি এসি বাসের ভাড়া ২২০ থেকে ২৪০ টাকা। অন্যদিকে মালিক সমিতি পরিচালিত বাসের ভাড়া ২২০ থেকে ২৭০ টাকা। সেবার মানও অন্য বাসের চেয়ে উন্নত হওয়ায় যাত্রীদের কাছে এই বাস দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এ কারণে মালিক সমিতি বিআরটিসির বাস বন্ধ করে দিয়েছে বলে তারা অভিযোগ করে।বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, ৪ মে দুষ্কৃতকারীরা একটি বাসের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বাসের ক্ষতিসাধন করে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওই বাসচালক মো. হানিফ একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন। সর্বশেষ ৬ মে সকালে তাড়াইল থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া একটি বাস মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে কিশোরগঞ্জের পুরুরা এলাকায় আটক করা হয়। বাসচালক মিজানুর রহমান ও মো. হানিফ জানান, মালিক সমিতির নেতারা জোর করে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। বিআরটিসির বাসচালকেরা অভিযোগ করেন, এ ঘটনায় থানায় জিডি করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি। তবে অভিযোগ অস্বীকার করে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, ওই দিন যাত্রী বা বাসচালকদের কেউ থানায় জিডি করতে আসেননি। তিনি বলেন, বাস চলাচল নিয়ে সৃষ্ট সমস্যাটি একান্তই বিআরটিসি ও মালিক সমিতির অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে জেলা প্রশাসকের উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে জেলা সড়ক যোগাযোগ কমিটির সভা হলেও সমাধান হয়নি।কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা বলেন, তাঁদের নিয়ম মেনে বাস চালানোর কথা বলা হয়েছে। এ ছাড়া সুষ্ঠু সমাধানে না আসা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।