মালিককে ঢাকা পরিবেশ অধিদপ্তরে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের খাদিমপাড়ায় ছনকলার টিলা ধ্বংসের ঘটনা গতকাল সোমবার পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের একটি দল। পরিদর্শন শেষে টিলার মালিককে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তলব করা হয়েছে।গতকাল সোমবার প্রথম আলোয় ‘ধ্বংসের ঝুঁকিতে আরেকটি টিলা’ শিরোনামে সচিত্র প্রতিবেদনের সূত্র ধরে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীবের নেতৃত্বাধীন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ওই পরিদর্শক দলটি ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পরিদর্শক দলের সদস্যরা টিলায় পৌঁছান। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ওই কাটা টিলায় কাজ করছিলেন। শ্রমিকেরা আশপাশের টিলা ও বনজঙ্গল থেকে লতাপাতা এনে টিলার চূড়ায় ফেলে কাটা অংশ ঢাকার চেষ্টা করেন। ইউএনওর নির্দেশে উপজেলা ভূমি কর্মকর্তা টিলা ধ্বংসের সরেজমিন প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনটি গতকালই স্থানীয় পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় অধিদপ্তরে পাঠানো হয়। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টিলার মালিক রোকনউদ্দিন খানকে তা ৎ ক্ষণিকভাবে মুঠোফোনে খুদেবার্তা ও একটি লিখিতপত্রে আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে ঢাকা অধিদপ্তরে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। ওই সময়ের মধ্যে রোকনউদ্দিন খান পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে জানান। পরিদর্শন শেষে ইউএনও প্রথম আলোকে বলেন, ‘আমি কাটা টিলা দেখে আঁতকে উঠেছি। একজন মানুষ কখনো এত বিশ্রিভাবে প্রকৃতিকে নষ্ট করতে পারে, তা আমার কল্পনায়ও ছিল না।’