পাহাড় কেটে জীববৈচিত্র্য ধ্বংস ও পরিবেশের মারাত্মক ক্ষতি করার অভিযোগে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের রামুর সংরক্ষিত বনের সেই মুরগির খামারের মালিক ফজলুল কাদের চৌধুরীকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে।পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, সরেজমিনে পাহাড় কেটে ও বনের গাছ কেটে দ্বিতল একটি ভবন তৈরি করতে দেখা গেছে। পরিবেশ সংকটাপন্ন এলাকা ও সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের ভবন নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক। কিন্তু এই ভবন নির্মাণের ক্ষেত্রে সেই ছাড়পত্রও নেওয়া হয়নি। তাই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ৩ ফেব্রুয়ারির মধ্যে নোটিশের জবাব না দিলে ফজলুল কাদের চৌধুরীর বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি ব্যাংকের প্রায় ৭৫ লাখ এসএমই (ক্ষুদ্র ও মাঝারি ঋণ) টাকায় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সংরক্ষিত বনের ভেতর মুরগির খামারটি তৈরি করছেন কক্সবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও গ্রিন কক্সবাজারের নির্বাহী পরিচালক ফজলুল কাদের চৌধুরী। এ ব্যাপারে গত রোববার প্রথম আলোতে ‘রামুর সংরক্ষিত বনে মুরগির খামার’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। জানতে চাইলে ফজলুল কাদের চৌধুরী বলেন, বনের জমিতে তিনি ভবন নির্মাণ করেননি। তা ছাড়া ভবনটি নির্মাণের সময় কোনো গাছ বা পাহাড় কাটাও হয়নি। বরং ওই জমিতে তিনি আড়াই হাজার গাছ লাগিয়েছেন। কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ জানান, এ ব্যাপারে এরই মধ্যে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।