মালিকদের অভিযোগ আগুন দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে তুংহাই সোয়েটার কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কারখানাটির অন্যতম মালিক তোফাজ্জল হোসেন। তবে গতকাল শুক্রবার পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

পুলিশ সূত্র জানায়, তুংহাই সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গত বৃহস্পতিবার কারখানাটির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. নুরল ইসলাম দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে বলা হয়, কারখানার তিনতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে।

গতকাল তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, তুংহাই সোয়েটার কারখানায় পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মাহবুবুর রহমানের পরিবারেরও একই বক্তব্য। বুধবার সন্ধ্যায় সোয়েটার কারখানাটি ছুটি হয়ে যায়। বন্ধ কারখানায় কোনোভাবেই শর্টসার্কিট থেকে আগুন লাগা সম্ভব নয়। থানায় জিডিতে উল্লেখ করা তথ্যের বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, জিডি করার বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি।

তোফাজ্জল হোসেন বলেন, আজ (শনিবার) মাহবুবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে বসে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিন বছর আগে সাভারে মাহবুবুর রহমানের একটি বন্ধ সুতা কারখানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে ধ্বংস করার জন্য।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মিরপুর অঞ্চলের সহকারী কমিশনারকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা না অন্য কোন কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি) ঘটনার তদন্ত করছে।  

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের পরিচালক জহিরুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অভিযান) মেজর মো. মাহবুব বলেন, বন্ধ কারখানায় শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা কম। আগুন ধরিয়ে দেওয়া হতে পারে বলে তিনি মনে করেন।

বুধবার রাতে মিরপুরে তুংহাই সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে কারখানাটির অন্যতম মালিক মাহবুবুর রহমান, তাঁর তিন বন্ধু, অফিস কর্মী ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক জেড এ মোরশেদসহ আটজন মারা যান।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তুংহাই সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মাহবুবুর রহমানের লাশ দাফন করা হয়েছে। গতকাল বিকেলে কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে  জানাজা শেষে স্থানীয় শোভারামপুরের পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে বনানী কবরস্থানে জেড এ মোরশেদের লাশ দাফন করা হয়।