মালিকদের অসহযোগিতায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পোষা হাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় বছরের পর বছর ধরে সংরক্ষিত বনে অবাধে বিচরণ করছে পোষা হাতি। এসব হাতি খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে বাড়িঘর ও ফসলের খেতের ক্ষতি করছে। হাতির আক্রমণে ঘটছে মানুষের প্রাণহানি। কিন্তু মালিকদের অসহযোগিতার কারণে পোষা হাতিদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। বেশির ভাগ মালিকের হাতি পোষার অনুমতিপত্রও (লাইসেন্স) নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন বিভাগের জুড়ী-১, জুড়ী-২ (বড়লেখা) ও কুলাউড়া রেঞ্জের বিভিন্ন সংরক্ষিত বনে ৩০-৩৫টি পোষা হাতি বিচরণ করছে। এসব হাতির মালিক স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা। সূত্র জানায়, হাতি পুষতে হলে সংশ্লিষ্ট বন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়। এ ছাড়া বনে বিচরণের জন্য প্রতিবছর চারণ ফি হিসাবে পাঁচ হাজার টাকা দেওয়ার নিয়ম আছে। এলাকাবাসী ও বন বিভাগ সূত্র জানায়, সর্বশেষ গত সোমবার দুপুরের দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার দুটি হাতি খাবারের খোঁজে স্থানীয় গাজীপুর চা-বাগানে ঢুকে পড়ে। এ সময় একটি হাতি লোকজনের ওপর আক্রমণ চালায়। এতে রামদাসীয়া পাসী (৭০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয় দুই শিশুসহ তিন ব্যক্তি। হাতি দুটি শ্রমিকদের বাড়িঘর ও রোপা আমন ধানের খেত তছনছ করে। এলাকাবাসীর ভাষ্যমতে, গত ১০ বছরে জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় পোষা হাতির আক্রমণে ১০-১৫ জন লোক মারা গেছে। গাজীপুর চা-বাগানের ব্যবস্থাপক কাজল মাহমুদ জানান, তাঁদের পাশের বনে ১০-১২টি পোষা হাতি দীর্ঘদিন ধরে বিচরণ করছে। এসব হাতি প্রায়ই খাবারের খোঁজে বাগানে ঢুকে চা-গাছ, বাড়িঘর ও ধানখেতের ক্ষতি করে। হাতির মাহুত ও মালিকদের সমস্যা জানালেও তাঁরা (মালিক) কোনো ব্যবস্থা নেন না। দুই-তিন মাস আগে বাগানে কাজের সময় একটি পোষা হাতির আক্রমণে চারজন শ্রমিক আহত হন। তাঁদের দুজন এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা এ এস এম হারুন জুড়ী-২ রেঞ্জের অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘পোষা হাতিরা বনে নতুন গজানো বিভিন্ন জাতের বাঁশ ও সামাজিক বনায়নের গাছপালা নষ্ট করে। মানুষজনের ওপর আক্রমণ করে। এসব বিষয়ে আলোচনা করতে মাস দুয়েক আগে হাতির মালিকদের অফিসে রেঞ্জ কার্যালয়ে ডেকে বৈঠক করেছি। বৈঠকে জানা গেল, অধিকাংশ মালিকের লাইসেন্স নেই। তাঁদের (মালিক) লাইসেন্স নিতে বলেছি। তাঁরা বাৎসরিক চারণ ফি দেন না। সেটা পরিশোধ করতে বলেছি। কিন্তু এখনো মালিকেরা কোনো সাড়া দেননি। এ ছাড়া মাহুতেরা (হাতি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি) ঠিকমতো দায়িত্ব পালন করেন না। মাহুতদের সতর্ক করে দিতেও বলেছি। মূলত মালিকদের অসহযোগিতার কারণেই হাতিদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।’ এ এস এম হারুন জানান, তাঁদের এলাকায় ২০-২৫টি পোষা হাতি আছে। এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কুলাউড়া রেঞ্জের বন কর্মকর্তা বলরাম রায়ের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। বন্ধ পাওয়া যায় হাতির মালিক মোস্তফা মিয়ার মুঠোফোনও। আরও দুই মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তাঁরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। মৌলভীবাজারে অবস্থিত বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহবুবুর রহমান মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘পোষা হাতি নিয়ে আমরা সমস্যায় আছি। নীতিমালা অনুযায়ী, মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় হাতি লালনপালনের কথা। কিন্তু নিয়মটা তাঁরা (মালিক) মানেন না। কোনো মালিক খোরপোষ (চারণ ফি) দিতে রাজি হন না। আবার হাতি আটক করে রাখার পর্যাপ্ত জায়গা নেই আমাদের। নীতিমালার বিষয়ে মালিকদের সচেতন করতে আমরা একটি সভা করব। ’