ট্যানারি স্থানান্তর প্রক্রিয়ার বিষয়টি মাথায় রেখে দেড় বছর আগেই প্রতিটি কারখানার অন্তত ৪০ শতাংশ অস্থায়ী শ্রমিককে স্থায়ীকরণ, ভবিষ্য তহবিলের হিসাবসহ নিয়োগ ও প্রত্যয়নপত্র প্রদানের যে চুক্তি করা হয়েছিল, তা অনেক কারখানা মালিক মানছেন না বলে অভিযোগ করেছেন শ্রমিকনেতারা। তাঁরা বলছেন, চুক্তি না মেনে বরং কারখানা বন্ধের ১০ দিনের মাথায় অনেক ট্যানারি মালিক শ্রমিকদের ছাঁটাইয়ের কাজে নেমেছেন। তাঁদের বেতন আটকে দেওয়া হচ্ছে। এমনকি এসব নিয়ে কথা বলতে গেলে মালিকের অসদাচরণের শিকার হচ্ছেন কেউ কেউ।
আজ মঙ্গলবার হাজারীবাগের ঢাকা ট্যানারি মোড়ে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদের উদ্যোগে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত এক সমাবেশে এসব অভিযোগ করেন শ্রমিকনেতারা। সমাবেশের মঞ্চে তখন ট্যানারি মালিকদের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) দুই সভাপতিসহ পরিষদভুক্ত ১৯টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঐক্য পরিষদের ৯ দফা দাবি বাস্তবায়নে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্বকারী ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও ঐক্য পরিষদের সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘ঐক্য পরিষদের ৯ দফা দাবি বাস্তবায়নে আমরা মালিকদের সঙ্গে আছি। কিন্তু মালিক-শ্রমিক দুই পক্ষের আলোচনা ও সম্মতির পরিপ্রেক্ষিতে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির বাস্তবায়ন এখনো হয়নি। বরং অনেক মালিক এখন শ্রমিকদের বেতন দিচ্ছেন না, ছাঁটাই করছেন।’
এ সময় আবুল কালাম আজাদ ট্যানারি মালিকদের উদ্দেশে বলেন, শ্রমিককে অভুক্ত রেখে আপনাদের দাবি আদায় হবে না। আর দক্ষ শ্রমিক ছাড়া এই শিল্পকেও আপনারা বাঁচাতে পারবেন না। তাই এই শ্রমিকের স্বার্থে, এই শিল্পের স্বার্থে আপনারা শ্রমিক ছাঁটাই করবেন না।’
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মালেকের মতে, ট্যানারি স্থানান্তর প্রক্রিয়ায় সরকার যেমন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, মালিকেরাও তাঁদের দায়িত্ব পালন করতে পারেননি। হাজারীবাগে মাত্র ৬০ একর জমির ওপর এতগুলো কারখানা। সাভারে ২০০ একর। অথচ সেখানে শ্রমিকদের আবাসনের কোনো ব্যবস্থা রাখা হয়নি।
সম্পাদিত চুক্তির বিষয়ে এই শ্রমিকনেতার বক্তব্য, চুক্তি অনুসারে প্রথমে ৪০ শতাংশ অস্থায়ী শ্রমিককে স্থায়ীকরণের কথা ছিল। পরে স্থানীয় সাংসদ ফজলে নূর তাপসের মধ্যস্থতায় সেটা ২০ শতাংশে নেমে এলেও কোনো মালিকই তা বাস্তবায়ন করেননি। এমনকি চুক্তি অনুসারে শ্রমিকদের প্রত্যয়নপত্র ও নিয়োগপত্রও দেওয়া হয়নি।
আবদুল মালেক বলেন, ‘চুক্তি বাস্তবায়ন না করে, শ্রমিক ছাঁটাই করে ঐক্য পরিষদের ৯ দফা দাবি বাস্তবায়নও সম্ভব হবে না।’
এর সঙ্গে অন্য শ্রমিকনেতারা কারখানা বন্ধ থাকাকালীন শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতাসহ ঈদের বোনাস অগ্রিম পরিশোধের দাবি জানান।
শ্রমিকদের অভিযোগের বিষয়ে বিএফএলএলএফইএর সভাপতি ও ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আপনাদের চাকরি বহাল থাকবে, আপনারা নিয়মিত বেতন পাবেন—এই নিশ্চয়তা অবশ্যই আপনাদের পাওয়া দরকার। কারণ, আপনাদের ছাড়া সাভারে চামড়া শিল্পনগর চালু করা সম্ভব হবে না। যদি কোনো মালিক এমন চিন্তা করে থাকেন যে আপনাদের ছাড়া চলবে, তাহলে তিনি ভুল করছেন।’
এ পর্যায়ে চুক্তি বাস্তবায়নসহ শ্রমিকদের ‘যৌক্তিক’ দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বিটিএ সভাপতি শাহীন আহমেদ বলেন, যে মালিকেরা এই চুক্তি মানবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প স্থানান্তরের জন্য উচ্চ আদালতের নির্দেশে ৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর হাজারীবাগের ট্যানারিগুলোর সেবা সংযোগ বন্ধ করে দেয়। এর পর ১০ এপ্রিল চামড়া খাতের ১৩টি সংগঠনের সমন্বয়ে চামড়াশিল্প রক্ষা ঐক্য পরিষদ মহাসমাবেশ করে ৯ দফা দাবি পেশ করে। ১৫ এপ্রিল এই দাবি বাস্তবায়নে ঐক্য পরিষদ সমাবেশ, মৌন মিছিল, মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করে। ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে। বর্তমানে ঐক্য পরিষদভুক্ত সংগঠনের সংখ্যা ১৯টিতে দাঁড়িয়েছে।