মালিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া ও জয়পুরহাট জেলার বাসমালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকেরা গতকাল সোমবার সকাল থেকে জয়পুরহাট-ঢাকা, জয়পুরহাট-সিলেট ও জয়পুরহাট-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।গতকাল সকালে ঢাকার উদ্দেশে জয়পুরহাট থেকে কয়েকটি বাস ছেড়ে এলেও বগুড়ার মালিক-শ্রমিকদের বাধায় সেগুলো গন্তব্যে যেতে পারেনি। বাসগুলো শিবগঞ্জের কিচক বাজারে থেকে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসা বেশ কয়েকটি দূরপাল্লার বাসও একইভাবে শ্রমিকদের বাধার মুখে পড়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি।এ ঘটনার প্রতিবাদে জয়পুরহাট জেলার বাসশ্রমিকেরা সেখানকার অভ্যন্তরীণ সাতটি সড়কে বাস চলাচল গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। সড়কগুলো হলো জয়পুরহাট থেকে বগুড়া, হিলি, নওগাঁ, ধামইরহাট, সান্তাহার, মোলামগাড়ি ও গোবিন্দগঞ্জ।জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, আলোচনা ছাড়াই এখানকার মালিকেরা জয়পুরহাট-বগুড়া সড়কে নতুন করে দুটি বাস নামাতে গেলে বগুড়ার মালিকদের সঙ্গে বিরোধ বাধে। এর জের ধরে সোমবার সকাল থেকে বগুড়ার মালিক-শ্রমিকেরা জয়পুরহাটের দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেন। এর প্রতিবাদ হিসেবে বিরোধ মীমাংসা না হওয়া পর্যন্ত এখানকার অভ্যন্তরীণ সাতটি সড়কে বাস চলাচল বন্ধ থাকবে।বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অভিযোগ করেন, জয়পুরহাটের বাসমালিকদের একগুঁয়েমির কারণেই উদ্ভূত সমস্যার সমাধান হচ্ছে না। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, বিরোধ মীমাংসার জন্য সমঝোতা বৈঠকের চেষ্টা চলছে।