মালিকদের মজুরি প্রস্তাব অযৌক্তিক: টিইউসি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চার হাজার ২৫০ টাকা করার প্রস্তাব অযৌক্তিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
একই সঙ্গে এই প্রস্তাবে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করলে এর দায় মালিকদের নিতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে তাঁরা বলেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম জীবনধারণের জন্য দেশে শ্রমিক সংগঠনগুলো পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি করেছে। এই দাবি যেখানে সর্বমহলের সমর্থন পেয়েছে, সেখানে মালিকদের প্রথমে তিন হাজার ৬০০ ও পরে চার হাজার ২৫০ টাকার প্রস্তাব হাস্যকর ও দুরভিসন্ধিমূলক। তাঁদের এই প্রস্তাব পোশাকশিল্পে স্থিতিশীলতার অন্তরায় হয়ে দাঁড়াবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা আদায়ে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন কেন্দ্রের নেতারা। বিজ্ঞপ্তি।