২০০৬ সালের সংশোধিত শ্রম আইনে শ্রমিকদের মৌলিক দাবি ইউনিয়ন করার ক্ষেত্রে যেসব বাধাবিপত্তি ছিল, তা বাতিল করা হয়নি। এ আইনে অনেক প্রাপ্ত সুবিধা থেকে শ্রমিকদের বঞ্চিত করা হয়েছে। সংশোধনী আনা হয়েছে মালিকদের সন্তুষ্ট করার জন্য, শ্রমিকদের নয়।
গতকাল বৃহস্পতিবার ২০০৬ সালের শ্রম আইনের সংশোধনী প্রসঙ্গে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) এক সংবাদ সম্মেলনে আলোচকেরা এসব কথা বলেন।
১৩ মে সংশোধিত শ্রম আইনটি মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেয়।
বাংলাদেশের শ্রমিকদের প্রতিনিধিত্বশীল মোর্চা স্কপ শ্রমিকদের মৌলিক অধিকারবিরোধী সব ধারা বাতিল করে দেশের সংবিধান, আইএলও সনদ এবং সরকারের নির্বাচনী ইশতেহারে করা অঙ্গীকার অনুযায়ী একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্কপ সংশোধিত শ্রম আইনের কোন ধারাগুলো বাতিল করতে হবে এবং কোন বিষয়গুলো সংযুক্ত করতে হবে, তা দাবি ও সুপারিশ আকারে তুলে ধরেছে। এসব সুপারিশ সরকারের কাছ জমা দেওয়া হবে। সরকার এসব দাবি মেনে না নিলে ৩১ মে বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী সমাবেশ থেকে ভবিষ্যত্ কর্মসূচি ঘোষণা করবে স্কপ।
কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন স্কপের নেতা মজিবুর রহমান ভূঁইয়া। অন্যদের মধ্যে জাফরুল হাসান, আশিকুল আলম, ওয়াজেদুল ইসলাম খান, শিরিন আখতার, ফজলুল হক, এ এ মুহিত খান, শহীদুল্লাহ বাদল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, সংশোধিত আইনটিতে ইউনিয়ন করার এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে উলঙ্গ হস্তক্ষেপ করা হয়েছে। প্রকৃতপক্ষে সংশোধনী আনা হয়েছে মালিকদের স্বার্থ রক্ষার জন্য।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের শ্রম আইন প্রবর্তনের পর গত সাড়ে চার বছরে মাত্র ১৭টি ইউনিয়নের নিবন্ধন দেওয়া হয়।
স্কপের পক্ষ থেকে সুপারিশে মাতৃত্বকালীন ছুটি চার মাসের পরিবর্তে ছয় মাস করার কথা বলা হয়েছে। বলা হয়েছে খাতভিত্তিক নিম্নতম মজুরি হার ঘোষণার জন্য একটি স্থায়ী মজুরি কমিশন গঠন করার কথা।