পুরোনো (স্ক্র্যাপ) জাহাজ আমদানির নতুন নীতিমালা বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার সীতাকুণ্ডের ফৌজদারহাটে জাহাজভাঙা-শিল্পের ব্যবসায়ীরা মতবিনিময় সভা করেছেন। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আমদানি-নীতি বাতিলের দাবি জানান। পাশাপাশি বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তাঁরা পত্রিকাগুলোর সমালোচনা করেন। এ ছাড়া দু-একটি বেসরকারি সংস্থারও সমালোচনা করা হয় সভায়।ফৌজদারহাটের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাহাজভাঙা-শিল্পের মালিকেরা প্রথম আলোর সমালোচনা করেন বেশি। সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সালাহউদ্দিন ওরফে শাহাবুদ্দিন প্রথম আলোর সমালোচনা করে বলেন, ‘দেশের একটি পত্রিকা আমাদের শিপইয়ার্ড নিয়ে দালালি শুরু করেছে। ওই পত্রিকার সাংবাদিক একটি শক্তির কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে শিপইয়ার্ডের বিরুদ্ধে লেগেছে।’প্রসঙ্গত, গতকাল প্রথম আলোয় ‘শ্রমিকদের রাস্তায় নামিয়ে দাবি আদায়ের চেষ্টা মালিকদের’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এতে তাঁরা ক্ষিপ্ত হন।