মালিকপক্ষকে বাঁচানোর পরোক্ষ চেষ্টা অপরাধমূলক: নাগরিক সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন নেভাতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন ফায়ার সার্ভিসের আট সদস্য।
ছবি : প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি কাঠামোগত হত্যাকাণ্ড বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, এখন পর্যন্ত মালিকপক্ষের কাউকে ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা যায়নি। অথচ মালিকপক্ষকে বাঁচানোর একরকমের পরোক্ষ চেষ্টা দেখা যাচ্ছে, যা আসলে অপরাধমূলক।

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড কাঠামোগত হত্যাকাণ্ড: নাগরিক প্রতিবাদ ও প্রতিক্রিয়া শিরোনামে আজ শনিবার আয়োজিত সভায় এসব কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনলাইনে এ প্রতিবাদ সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন নাগরিক। মূল বক্তব্যে বলা হয়, সীতাকুণ্ডের ঘটনায় মালিকপক্ষের কাউকে আসামি করা হয়নি। দুর্ঘটনায় আহত নুরুল আক্তার, খালেদুর রহমানকে এবং আরও অনেককে মামলার আসামি করা হয়েছে।

সভায় আরও বলা হয়, সরকারি সংস্থাগুলোকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করছে না মালিকপক্ষ। অবহেলা ছিল রাষ্ট্রের সরকারি সংস্থাগুলোরও। অগ্নিকাণ্ড প্রতিরোধ ও মোকাবিলার জন্য যে ধরনের অগ্নিনিরাপত্তা পরিকল্পনা থাকার কথা, সেটাও ছিল না বা থাকলেও কার্যকর ছিল না।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মালিক ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আটক করে বিচারের আওতায় আনতে হবে। স্বচ্ছ তদন্ত কমিটির মাধ্যমে করা প্রতিবেদন প্রকাশ করতে হবে। এসব প্রতিবেদন সাধারণত প্রকাশ করা হয় না। আর সরকার যে অর্থ দেয়, তা জনগণের। কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কথা মালিকের। প্রাতিষ্ঠানিক কাঠামো স্বচ্ছতা এবং জবাবদিহির মধ্যে এলে এ ধরনের ঘটনা ঘটবে না।

নাগরিক সংগঠনের আহ্বায়ক সি আর আবরার বলেন, যে নাগরিকেরা আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতে চেয়েছেন, ক্ষমতাসীন রাজনৈতিক কর্মীদের দিয়ে তাঁদের আক্রমণ করা হচ্ছে। ক্ষতিপূরণের হিসাবও ঠিক নেই। জীবিত অবস্থায় নিহত ব্যক্তি মোট যত উপার্জন করতেন; তার দ্বিগুণ পরিমাণের অর্থ ক্ষতিপূরণ দিতে হবে।

গবেষক মাহা মির্জা বলেন, অতীতের সব অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনের সুপারিশ প্রকাশ করা, তা বাস্তবায়ন করা ও দোষীদের শাস্তির আওতায় আনা হলে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠামোগত হত্যাকাণ্ড সংঘটিত হতো না।

সভার সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এবং সভাপতিত্ব করেন সি আর আবরার। মূল বক্তব্য উপস্থাপন করেন অধিকারকর্মী রেজাউর রহমান লেনিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক হারুন উর রশীদ, আইনজীবী মো. আবদুল হালিম, সর্বজনের অধিকারকর্মী মোহাম্মদ মিজানুর রহমান, গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমী প্রমুখ।