পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে রাজধানীর হাজারীবাগে থাকা ১৫৪ ট্যানারি কারখানার বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধ করতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে মালিকপক্ষের করা আবেদনের (লিভ টু আপিল) ওপর ৩০ মার্চ শুনানির জন্য দিন ধার্য রেখেছেন আপিল বিভাগ। এর সঙ্গে সেখানে থাকা ট্যানারি কারখানার মালিকদের রোজ ১০ হাজার টাকা করে জরিমানা দিতে আপিল বিভাগের দেওয়া আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনও শুনানি হবে।
গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এদিন ধার্য করেন।
২ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বকেয়া ওই অর্থ দুই সপ্তাহের মধ্যে পরিশোধ করতে ট্যানারিমালিকদের প্রতি নির্দেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ১৯ মার্চ আবেদন করে, যা সেদিন চেম্বার বিচারপতির আদালতে ওঠে। ওই দিন আদালত হাইকোর্টের আদেশ ২৩ মার্চ পর্যন্ত স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস; সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে আইনজীবী মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ গত ১৮ জুলাই প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা প্রদানের আদেশ দেন। এই আদেশের রিভিউ চেয়ে আবেদন করা হয়েছে—এই বিষয়টি শুনানিকালে বলা হয়। তখন আদালত রিভিউ ও লিভ টু আপিলের ওপর একসঙ্গে ৩০ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৩ জুন হাইকোর্ট এক আদেশে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগের ট্যানারিশিল্প অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য সময় আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দফা সময় বাড়িয়ে দেওয়া হয়।
এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এর ধারাবাহিকতায় গত বছরের ১৬ জুন হাইকোর্ট সাভারে না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রতিদিন ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে ট্যানারিমালিকদের সংগঠন আপিল বিভাগে আবেদন করলে ১৮ জুলাই আপিল বিভাগ পরিবেশদূষণের ক্ষতিপূরণ হিসেবে হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত মালিকদের রোজ ১০ হাজার টাকা করে জমা দিতে বলেন। এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে ট্যানারিমালিকদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়।
এদিকে ক্ষতিপূরণ আদায়ের ওই নির্দেশনা সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে না জানিয়ে এইচআরপিবির করা আবেদনের শুনানি নিয়ে ২ মার্চ হাইকোর্ট ওই জরিমানার বকেয়া অর্থ পরিশোধ করতে কারখানা-মালিকদের নির্দেশ দেন। অন্যদিকে বেলার করা এক আবেদনের শুনানি নিয়ে ৬ মার্চ হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ হাজারীবাগে থাকা ট্যানারিগুলো অবিলম্বে বন্ধ করতে এবং আইন অনুসারে এসব ট্যানারির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে ট্যানারি মালিকপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা ১২ মার্চ খারিজ হয়। এরপর পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি দেওয়া ওই নির্দেশনা সংশোধন চেয়ে গত সপ্তাহে ট্যানারিমালিকদের পক্ষে হাইকোর্টে একটি আবেদন করা হয়। আজ মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি হতে পারে।