মালিকপক্ষের আশ্বাস, দর্জিশ্রমিকদের ধর্মঘট আপাতত স্থগিত
ফেনীতে দর্জিশ্রমিকদের ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। টেইলারিং ব্যবসায়ী মালিক ও শ্রমিকপক্ষ সমঝোতা বৈঠকে বসে দাবিগুলো বিবেচনা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে কিছু কিছু কারখানায় শ্রমিক কাজে যোগ দিতে শুরু করেছেন। তবে অধিকাংশ কারখানায় আজ শনিবার থেকে শ্রমিকেরা কাজে যোগ দেবেন বলে মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়।সূত্র জানায়, ফেনী জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ডাকে ২১ জুলাই থেকে শার্ট, প্যান্ট, জামা-কাপড় সেলাইয়ের মজুরি বৃদ্ধিসহ আট দফা দাবিতে শ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। এতে ঈদ মৌসুমে ফেনীর টেইলারিং কারখানাগুলো অচল হয়ে পড়ে। পৌর মেয়রের মাধ্যমে দাবিগুলো নিয়ে সমঝোতা বৈঠকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা তাঁদের ধর্মঘট আপাতত স্থগিত করেছেন।ফেনী শহর টেইলারিং ব্যবসায়ী মালিক সমিতির সম্পাদক এ কে এম মাহতাব উদ্দিন এবং ফেনী জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সামছুদ্দিন ভূঞা শ্রমিকদের দাবি নিয়ে সমঝোতা বৈঠকের আগে আপাতত ধর্মঘট স্থগিত করে কাজে যোগদানের সত্যতা নিশ্চিত করেছেন।