মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নন্দরানী চা-বাগানে মালিকপক্ষের উপস্থিতিতে নতুন বছরের চা-পাতা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে গত শুক্রবার।স্থানীয় সূত্র জানায়, উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত চা-বাগানটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাদের শুক্রবার সকালে স্বাগত জানান চা-বাগান পঞ্চায়েত প্রতিনিধি, চা-শ্রমিক ও কর্মচারীরা। বাগানটির মালিকানা ও দখল নিয়ে গত ১০ ফেব্রুয়ারি দুই পক্ষের সংঘর্ষে স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তাসহ দুজন নিহত ও বহু লোক আহত হয়। ওই ঘটনায় উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা করে। এদিকে, নন্দরানী চা-বাগান ৩০ বছরের জন্য নতুন করে বন্দোবস্ত দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শামসুল আরেফিন স্বাক্ষরিত নির্দেশনায় গত ২০ ফেব্রুয়ারি এ বন্দোবস্ত দেওয়া হয়। এ বন্দোবস্তের বিরুদ্ধে উচ্চ আদালতে সুভ্রতা চৌধুরী রিট করলে মন্ত্রণালয়ের নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তী সময় আমিনুল ইসলাম চৌধুরী এ ব্যাপারে লিভ টু আপিল করলে আদালত মন্ত্রণালয়ের নির্দেশনা বহাল রাখেন। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্মকর্তারা গত বৃহস্পতিবার জামিন লাভ করেন।সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ক্রয়সূত্রে তাঁর প্রতিষ্ঠান নন্দরানী চা-বাগানের মালিক। ভূমি মন্ত্রণালয় সবকিছু যাচাই করেই নতুন করে ৩০ বছরের জন্য তাঁদের নামে নন্দরানী চা-বাগানের বন্দোবস্ত দিয়েছে।