মৌলভীবাজারের কমলগঞ্জের নন্দরানী চা-বাগানের দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় মালিকপক্ষের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে কমলগঞ্জ থানায় এ মামলাটি করেন মাধবপুর ইউনিয়নের ধলাইপার গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন।পুলিশ সূত্র জানায়, চা-বাগানে সংঘর্ষ, দুজন নিহত ও লুটপাট হওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। মামলায় নন্দরানী চা-বাগানের মালিকানা দাবিদার সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম চৌধুরীসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বাদী মোশাররফ নিজেকে সংঘর্ষে নিহত ধলাইপার গ্রামের জাহিদ মিয়ার একজন প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন।নন্দরানী চা-বাগানের দখল নিয়ে শুক্রবারের সংঘর্ষে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের সচিব কাজী ফখরুল ইসলামসহ দুজন নিহত ও ২৫ জন আহত হন। ঘটনার দুই দিন পর চা-বাগানের মালিকানা দাবিদার প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আমিনুল ইসলাম চৌধুরীর ছোট ভাই শাহিরুল ইসলাম চৌধুরী বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৪৫ জনের নাম উল্লেখ করে মোট ১৪৫ জনকে আসামি করে মামলা করেন।মালিকপক্ষের বিরুদ্ধে পাল্টা মামলার বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাতে এজাহার থানায় জমা দেওয়া হলে রাত ১২টায় মামলাটি লিপিবদ্ধ হয়। তবে পুলিশ এজাহারে বর্ণিত অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত করছে।’বেকার চা-শ্রমিকদের ‘তলব’ দেওয়া শুরু: শুক্রবার সংঘর্ষের পর থেকেই নন্দরানী চা-বাগানের সব কার্যক্রম বন্ধ। বাগান এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। এতে বেকার হয়ে পড়া চা-শ্রমিকেরা তাঁদের ‘তলব’ (সাপ্তাহিক মজুরি) নিয়ে চিন্তিত হয়ে পড়েন।তবে গতকাল বুধবার থেকে ওই চা-বাগানের শ্রমিকদের জনপ্রতি তিন কেজি আটা ও ৩০০ টাকা করে সাপ্তাহিক মজুরি দেওয়া শুরু হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ‘তলব’ দেওয়ার সময় চা-বাগানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী হাকিম আবদুল কুদ্দুছ, স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুসহ চা-শ্রমিক ইউনিয়নের নেতারা।ইউএনও প্রকাশ কান্তি বলেন, ‘চা-বাগানে কাজ বন্ধ থাকায় সাধারণ চা-শ্রমিকেরা খুবই মানবেতর জীবন যাপন করছিলেন। সে কথা ভেবেই জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাপ্তাহিক মজুরি ও রেশনের আটা দেওয়া হয়।’সংঘর্ষের পর থেকে চা-বাগানে ১৪৪ ধারা জারি ও কাজ বন্ধ থাকায় বেকার হয়ে পড়া শ্রমিকদের নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘তলব না দিলে আকাল লাইগবেক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।