আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ পলাতক ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার বিচারিক হাকিম ওয়াসিম শেখ গতকাল মঙ্গলবার এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে ওই ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশকে নির্দেশ দেন আদালত। বাকি আসামিদের মধ্যে ছয়জন জামিনে ও একজন কারাগারে আছেন।
২০১২ সালের ২৪ নভেম্বর তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১১ জন শ্রমিক নিহত হন। আহত ও অসুস্থ হন দুই শতাধিক শ্রমিক। ঘটনার পরদিন আশুলিয়া থানার পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কারখানায় অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা করে। ওই ঘটনায় গত বছরের ২২ নভেম্বর তাজরীন ফ্যাশনসের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি), চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মালিকের অবহেলাজনিত হত্যা ও নরহত্যার স্পষ্ট প্রমাণ মিলেছে উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৪৩৬, ৩০৪, ৩০৪(ক) ও ৪২৭ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়।
অন্য যে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন তাজরীনের কর্মকর্তা এম মাহাবুবুল মোর্শেদ, কারখানার ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক শহীদুজ্জামান ও উৎপাদন ব্যবস্থাপক মোবারক হোসেন। অভিযোগপত্রভুক্ত যে ছয় আসামি জামিনে রয়েছেন, তাঁরা হলেন দুলাল উদ্দিন, হামিদুল ইসলাম, আল আমীন, আনারুল, মো. আল আমীন ও শামীম মিয়া। কারাগারে রয়েছেন আনিসুর রহমান। তাঁরাও তাজরীনের কর্মকর্তা-কর্মচারী।
মামলা থেকে তাজরীনের সহকারী উৎপাদন ব্যবস্থাপক সোহেল রানা, কাটিং লোডার সুজন হাওলাদার ও সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুসকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। মামলায় ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, ওই কারখানা ভবন ইমারত নির্মাণ আইন মেনে নির্মাণ করা হয়নি। শ্রমিকদের বের হওয়ার জন্য ভবনটিতে জরুরি বহির্গমন পথ ছিল না। তিনটি সিঁড়ির মধ্যে দুটি নিচতলার গুদামের ভেতরে গিয়ে শেষ হয়েছে। ওই গুদামে আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে চাইলে কারখানার কর্মকর্তারা বাধা দিয়ে বলেন, ‘আগুন লাগেনি। অগ্নিনির্বাপণের মহড়া চলছে।’ এ কথা বলে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকেরা নিচে নামতে পারেননি।
অগ্নিকাণ্ডের কয়েক দিন পর নিখোঁজ এক শ্রমিক রেহানার ভাই আবদুল মতিন ঢাকার বিচারিক হাকিম আদালতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। আদালত আশুলিয়া থানাকে তা তদন্তের নির্দেশ দেন।