
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক, ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি। গতকাল রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম ওয়াসিম শেখের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান এ অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার এক বছর আট দিনের মাথায় এই অভিযোগপত্র দেওয়া হলো। আদালত ৩১ ডিসেম্বর অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য শুনানির দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা, নরহত্যা, অগ্নিসংযোগ করে সম্পদের ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। তবে ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন নির্মাণ করা হয়নি বলা হলেও অভিযোগপত্রে তেমন কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন তাজরীনের এমডি দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রকৌশলী এম মাহাবুবুল মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আবদুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান ওরফে দুলাল, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন ওরফে মঞ্জু, দুলাল উদ্দিন, হামিদুল ইসলাম, আল আমীন, আনারুল, মো. আল আমীন, শামীম মিয়া ও আনিসুর রহমান। শেষোক্ত ছয়জনের মধ্যে পাঁচজন জামিনে ও একজন কারাগারে আছেন।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে অন্য আসামিদের পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।
অভিযোগপত্রে তিনজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে। তাঁরা হলেন প্রতিষ্ঠানের সহকারী প্রোডাকশন ম্যানেজার সোহেল রানা, কাটিং লোডার সুজন হাওলাদার ও সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস। মামলায় ১০৪ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, কারখানা ভবনটি ইমারত নির্মাণ আইন মেনে করা হয়নি। শ্রমিকদের বের হওয়ার জন্য ভবনটিতে জরুরি বহির্গমন পথ ছিল না। তিনটি সিঁড়ির মধ্যে দুটি নিচতলার গুদামের ভেতরে এসে শেষ হয়েছে। ওই গুদামে আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে চাইলে কারাখানার ম্যানেজার শ্রমিকদের বাধা দিয়ে বলেন, আগুন লাগেনি। অগ্নিনির্বাপণের মহড়া চলছে। তিনি বের হওয়ার পথ বন্ধ করে দেন। ফলে শ্রমিকেরা নিচে নামতে পারেননি। মালিকের অবহেলাজনিত হত্যা ও নরহত্যার স্পষ্ট প্রমাণ মিলেছে বলে উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৪৩৬, ৩০৪, ৩০৪-ক ও ৪২৭ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশনসে আগুন লাগে। এতে অন্তত ১১১ জন নিহত, দুই শতাধিক আহত ও অসুস্থ হয়েছেন। ঘটনার পরদিন আশুলিয়া থানার পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ এনে একটি মামলা করে। ঘটনার কয়েক দিন পর রেহানা নামে নিখোঁজ এক শ্রমিকের ভাই আবদুল মতিন ঢাকার নিম্ন আদালতে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। আদালত আশুলিয়া থানাকে তা তদন্তের নির্দেশ দেন।