মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মধ্যে মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকায় ২৩ বছর পরও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের দুপাশে লাগানো গাছ কাটা যাচ্ছে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকারভোগীরা। তাঁদের অভিযোগ, স্থানীয় কিছু মানুষ পরিকল্পিতভাবে অনেক গাছ মেরে ফেলছে।
বন বিভাগের স্থানীয় এক কর্মকর্তা বলেন, ১৯৯৩-৯৪ অর্থবছরে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার পাঁচ কিলোমিটার এলাকায় গাছ রোপণ করা হয়। কুলিয়ারচর অংশটি সওজের ভৈরব উপবিভাগের আওতাধীন। রোপণ করা গাছগুলোর মধ্যে মেহগনি, রেইনট্রি, শিশু ও আকাশমণিগাছ রয়েছে।
সামাজিক বনায়ন কর্মসূচির চুক্তি অনুযায়ী, বন বিভাগ চারা রোপণ করে। গাছগুলোর দেখভালের জন্য উপজেলাটির সালুয়া, রামদি ও গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নে ১৯টি ব্লক গঠন করা হয়। ১৯টি ব্লকে স্থানীয় ১০৭ জন মানুষ সম্পৃক্ত হন। তাঁদের উপকারভোগী বলা হয়। আর উপকারভোগীদের দায়িত্ব দেওয়া হয় কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে (এনজিও)। ১২ থেকে ১৫ বছর পর গাছ কেটে ফেলার উপযুক্ত হয়।
২৬ আগস্ট সরেজমিনে দেখা যায়, সড়কের ভৈরব অংশের গাছগুলো অক্ষত আছে। তবে কুলিয়ারচর অংশের বেশ কয়েকটি স্থানে কয়েক শ গাছ মরে গেছে। বিশেষ করে উপজেলাটির দাড়িয়াকান্দি, মনোহরপুর, তারাকান্দি এলাকায় বেশি গাছ মরে গেছে। গাছ থেকে বাকল কেটে নেওয়ার চিহ্নও দেখা যায়।
কমপক্ষে ১০ জন উপকারভোগী বলেন, ঝড়ে কিংবা প্রাকৃতিক দুর্যোগে ২৩ বছর আগে রোপণ করা গাছগুলোর ডালপালা ভেঙে পড়ছে। গুঁড়ি উপড়ে যাচ্ছে। তা ছাড়া এখন স্থানীয় কিছু মানুষ পরিকল্পিতভাবে অনেক গাছ মেরে ফেলছে। তারা প্রথমে গাছের ডালপালা কেটে নিয়ে যায়। পরে শাবল ব্যবহার করে বাকল তুলে নেয়। এতে গাছ দুর্বল হয়ে পড়ে। পরে গরম পানির সঙ্গে একজাতীয় বিষাক্ত ওষুধ মিশিয়ে গাছের গোড়ায় দিলে গাছ ধীরে ধীরে মরে যায়। মরে যাওয়ার পর সেসব গাছ কেটে নিয়ে যাওয়া হয়।
দাড়িয়াকান্দি গ্রামের মিছিল খান বলেন, চোখের সামনে এলাকার লোকজন গাছ মেরে ফেলছে। বাধা দিয়েও গাছ রক্ষা করা যাচ্ছে না। আলী আকবরী গ্রামের আরেক উপকারভোগী লাল মিয়া বলেন, এ সমস্যা দূর করতে হলে দ্রুত পুরোনো গাছ কেটে নতুন করে বনায়ন করা প্রয়োজন।
বন বিভাগের এক কর্মকর্তা বলেন, সামাজিক বনায়নের চুক্তি অনুযায়ী গাছ বিক্রির লাভের ৫৫ ভাগ পাবেন উপকারভোগী, ১০ ভাগ সওজ আর ১০ ভাগ বন বিভাগের রাজস্ব খাতে যাবে। আর ১০ ভাগ পুনরায় বনায়নের জন্য রাখা হবে। বাকিটা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও এনজিও পাবে। কিন্তু ভৈরব সওজের কর্মকর্তারা বলছেন, এই মহাসড়কে সওজের তত্ত্বাবধানে গাছ রোপণ করা হয়েছে। সুতরাং গাছ কাটার সিদ্ধান্ত নেবে সওজ। এই নিয়ে দুই বিভাগের মধ্যে চিঠি চালাচালি চলছে।
তারাকান্দি ব্লকের উপকারভোগী আবু তাহের বলেন, ‘অনেক আগেই গাছ কাটার সময় হয়ে গিয়েছে। কিন্তু সরকারি দুই বিভাগের রশি-টানাটানির কারণে গাছ কাটার অনুমোদন পাওয়া যাচ্ছে না। এতে আমরা উপকারভোগীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
কুলিয়ারচর উপজেলা বন কর্মকর্তা বজলুর রহমান বলেন, ‘সওজ দাবি করছে গাছগুলো তাদের। আমাদের দাবি, গাছ রোপণ করেছি আমরা। এই নিয়ে মতবিরোধের কারণে গাছ কাটা যাচ্ছে না, আবার রক্ষা করাও যাচ্ছে না।’
ভৈরব সড়ক উপবিভাগের সহকারী প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, এই ব্যাপারে উচ্চপর্যায় থেকে একটি তদন্ত দল এসে তদন্ত করে গেছে। কিছুদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে। তখন জটিলতা কেটে যাবে।