মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিধি ভেঙে জেলা প্রশাসকের (ডিসি) নামে রেকর্ড হওয়া হাড়ারগজ সংরক্ষিত বনের দুই হাজার একরের বেশি জমির মালিকানা ফিরে পেতে বন বিভাগ আদালতে মামলা করেছে। ১৪ জুলাই সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বাদী হয়ে মৌলভীবাজারের ভূমি ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জুড়ী-১ রেঞ্জের আওতাধীন হাড়ারগজ সংরক্ষিত বনের জরিপ শেষে ২০১৩ সালের ৪ আগস্ট সংরক্ষিত বন মৌজায় (জেএল নম্বর-৭৮) ডিসির নামে ২ হাজার ১৭৪ দশমিক ৩৫ একর জমি রেকর্ড হয়। সরকারদলীয় এক নেতা তাঁর চা-বাগানের জন্য ডিসির কাছে একই জায়গায় সমপরিমাণ জমির বন্দোবস্ত চেয়েছিলেন। ডিসির নামে জমি রেকর্ড হলে তা ওই নেতার চা-বাগানের জন্য বন্দোবস্ত পেতে সুবিধা হবে বলে এটা করা হয়।
বিষয়টি নিয়ে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পাতায় ‘জুড়ী সংরক্ষিত বনের দুই হাজার একর জমি—জমি নিলেন ডিসি, চান আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক আবদুল মান্নান গত বছরের ৯ মে ডিসির নামে রেকর্ড হওয়া হাড়ারগজ বনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। ওই বছরের ১৩ জুলাই মহাপরিচালক এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরে একটি প্রতিবেদন পাঠান। প্রতিবেদনে যে জমি ডিসির নামে রেকর্ড হয়েছে, তা বনের মধ্যাংশ বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের আগেই রেকর্ড হওয়া জমির গেজেট প্রকাশনা সম্পন্ন হয়ে যায়। এ অবস্থায় মামলা করার সিদ্ধান্ত নেয় বন বিভাগ। মামলার আরজিতে ডিসির নামে ১ নম্বর খতিয়ানে রেকর্ড হওয়া জমির রেকর্ড সংশোধন করে তা বন বিভাগের নামে ২ নম্বর খতিয়ানে রেকর্ড করার আবেদন জানানো হয়।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলোয়ার হোসেন গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আদালত এখনো এ মামলার শুনানির দিন ধার্য করেননি। তবে রেকর্ড সংশোধনের মাধ্যমে জমিটি বন বিভাগ ফিরে পাবে বলে আমরা আশাবাদী।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান ডিসি সম্মেলনে অংশ নিতে ঢাকায় আছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মামলার বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। তারপরও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। প্রকাশ কান্তি চৌধুরী প্রথম আলোকে জানান, অনেক মামলার নোটিশ আসে। এই মামলার নোটিশ তাঁর নজরে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।