মালিকানা বদলের ফাঁদে আটকে গেছে নাটোর ও পাবনার সংযোগ স্থাপনকারী জোনাইল-চাটমোহর সড়কের সংস্কারকাজ। গত চার বছরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় পথচারীদের দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) থেকে সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মালিকানা বদলে সেই প্রস্তাব এখন অর্থহীন। সড়কটি ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে চলে গেছে।
এলজিইডি সূত্র জানায়, ১৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি নাটোরের পূর্বাংশের সঙ্গে পাবনার পশ্চিমাংশের সংযোগ রক্ষা করেছে। সড়কের নয় কিলোমিটার নাটোরে ও বাকি নয় কিলোমিটার পাবনায় পড়েছে। এই সড়ক দিয়েই এলাকার গুরুতর অসুস্থ রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হয়। এ ছাড়া চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা বিস্তারেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে চার বছর ধরে এ সড়কের কোনো সংস্কার হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের নাটোর অংশের বিটুমিন উঠে অসংখ্য খানাখন্দে ভরে গেছে। বৃষ্টিতে খানাখন্দগুলো কাদাপানিতে ডুবে আছে। এতে গর্তের গভীরতা বুঝতে না পেরে পথচারী ও যানবাহন চালকেরা প্রায়ই হোঁচট খাচ্ছেন। ভটভটিতে চলাচলের সময় কাদাপানি ছিটে আরোহীদের কাপড়চোপড়ও নষ্ট হচ্ছে।
এ সড়কে চলাচলকারী বলাকা বাসের চালক মজনু মিয়া বলেন, ‘বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ভরে যায়। তখন বেকায়দায় পড়ি। বুঝতে না পেরে অনেক সময় বাস গর্তে পড়ে নষ্ট হয়। তখন যাত্রীরা গালিগালাজ করে।’
জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাসেদুল ইসলাম বলেন, ‘সড়কটি দুই জেলার মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। এখানকার জোনাইল হাট ও ভাঙুরা হাট এলাকার বৃহত্তম ব্যবসাকেন্দ্র। হাটবারে কয়েক শ ট্রাক ও ভটভটি এ সড়ক দিয়ে আসা-যাওয়া করে। রাস্তা খারাপ হওয়ায় হাটে ক্রেতা-বিক্রেতা কমে গেছে।’
বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, জনদুর্ভোগের কথা ভেবে তাঁরা সড়কটি সংস্কারে অর্থ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। হঠাৎ করে গত এপ্রিলের শেষ নাগাদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, এলজিইডি সড়কটির মালিকানা হারিয়েছে। সওজ এখন সড়কটির মালিক। তারাই এর সংস্কার করবে।
সওজ নাটোরের নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম বলেন, সম্প্রতি সড়কটি তাঁদের অধীনে দেওয়া হয়েছে। তাঁরা সড়কটিতে তাৎক্ষণিকভাবে ইট-বালু ফেলে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন। স্থায়ী সংস্কারের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সড়কটি সংস্কার করা হবে।