ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাউনির ছাদ ধসে চার নির্মাণশ্রমিকের নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার তদন্ত কিমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ঘটনার দুই দিন পরও পুলিশ স্টেশনের মালিককে আটক করতে পারেনি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়সার বলেন, ফিলিং স্টেশনের মালিক জালাল উদ্দিন পলাতক রয়েছেন। ফিলিং স্টেশনের নির্মাণকাজের জন্য জেলা প্রশাসন থেকে ব্যবসায়িক (ডিলিং) লাইসেন্স, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে নো অবজেকশন সার্টিফিটেক (এনওসি), জেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে অনুমতিপত্র—এসবের কোনোটিই নেননি ওই মালিক।
ইউএনও বলেন, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ও এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে মতামত দিয়েছেন যে ফিলিং স্টেশন নির্মাণে এখানে কোনো ধরনের বিল্ডিং কোড মানা হয়নি। এমনকি ভবন নির্মাণে কোনো প্রকৌশলী থেকে নকশাও অনুমোদন নেওয়া হয়নি। কারণ গোলাকার পিলার দিয়ে ছাদ নির্মাণ করতে গেলে ১২টি পিলার নির্মাণ করতে হবে, যা ওই মালিক করেননি। এমন আরও অনেক ত্রুটি পাওয়া গেছে। নির্মাণাধীন পিলারে চাহিদা অনুযায়ী রডও ব্যবহার করা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন বলেন, ‘এটি নির্মাণে পরিবেশ অধিদপ্তরেরও কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। আমরা আজ ওই ফিলিং স্টেশনের মালিক বরাবর চিঠি পাঠিয়েছি।’ এ ব্যাপারে গতকাল কথা বলার জন্য ফিলিং স্টেশনের মালিক জালাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকাদার প্রথম আলোকে বলেন, নির্মাণকাজে ত্রুটির কারণেই ছাদ ধসে পড়েছে। স্টেশন মালিককে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবারের লোকজন মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহনুর আলমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান শাহানুর আলম বলেন, ‘এ বিষয়ে দুর্ঘটনায় আহত নির্মাণশ্রমিক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফিলিং স্টেশনের স্থাপনার নকশা অনুমোদন, নির্মাণকাজের ক্রটিসহ কয়েকটি পয়েন্ট ধরে তদন্তকাজ করা হচ্ছে।’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, দাফন সম্পন্ন করার জন্য নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ করছে। শিগগিরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ ও স্থানীয় লোকজন এবং দুর্ঘটনায় আহত নির্মাণশ্রমিকদের সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে জালাল উদ্দিনের সায়েরা ফিলিং স্টেশনের সামনের ছাউনির (ছাদ) ঢালাইয়ের কাজ শুরু হয়। এ সময় ৪০ থেকে ৪৫ জন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। ফিলিং স্টেশনের সামনের অংশে ২২ ফুট উঁচু ছাউনি (ছাদ) নির্মাণের জন্য ১২টি পিলার (স্তম্ভ) নির্মাণ করার কথা থাকলেও সেখানে ছয়টি পিলার (স্তম্ভ) নির্মাণ করেন জালাল উদ্দিন। পিলারে ছয় সুতার পরিবর্তে পাঁচ সুতার রড এবং পিলারের রিংয়ে তিন সুতার পরিবর্তে আড়াই সুতার রড ব্যবহার করা হয়েছে। সোমবার সকালে ছাদ ঢালাইয়ের সময় শ্রমিকেরা ছাদে চার থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ ঢালাই দেওয়ার পরামর্শ দেন স্টেশন মালিককে। কিন্তু মালিক নিজের মতো করে ছাদে আট ইঞ্চি পরিমাণ ঢালাই দেন। এসব কারণে ছাদ ধসে ৪ জন নিহত ও ১০ জন আহত হন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘আশুগঞ্জে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে নিহত ৪’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুর্ঘটনায় নিহত দুলাল, নাজমুল, মিজান ও সাইদের লাশ গতকাল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।