মালিকের ভালোবাসায় সচল চিত্রা মহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনায়তনে প্রবেশের জন্য লবিতে দর্শকের অপেক্ষা। সেই লবিতে সব সিনেমার পোস্টার
মিলনায়তনে প্রবেশের জন্য লবিতে দর্শকের অপেক্ষা। সেই লবিতে সব সিনেমার পোস্টার

‘এখানে রাস্তা আছিল না, খাল আছিল। আমি মালিটোলা থেইকা নৌকায় খাল পার হইয়া হলের গেটে আইতাম বাদাম বেচবার। টিকিট কাটার লাইন হল থেইকা জিন্দাবাহারের মুখে ঠেকত!’
চিত্রা মহল হলের পুরোনো দিনের কথা জানতে চাইলে শুরুতে এই তথ্যটি দিলেন মালিটোলার অশীতিপর মানিক চান। ১২ বছর বয়স থেকে এই সিনেমা হলের গেটে বাদাম বিক্রি করতেন তিনি। এখন তাঁর দুই ছেলে এখানেই অন্য খাবার বিক্রি করেন। তবে হলের মায়া ছাড়তে পারেননি মানিক চান। চলে আসেন প্রায়ই।
গুলিস্তান থেকে নর্থসাউথ রোড ধরে সদরঘাট যেতে ইংলিশ রোডের মুখেই চিত্রা মহল। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সূত্র জানায়, ঢাকার প্রথম ১০টি সিনেমা হলের অন্যতম এটি। সেগুলোর মধ্যে এখন টিকে আছে মাত্র তিনটি হল।

পুরান ঢাকার ইংলিশ রোডে বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী জহিরের স্মৃতিবিজড়িত চিত্রা মহল
পুরান ঢাকার ইংলিশ রোডে বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী জহিরের স্মৃতিবিজড়িত চিত্রা মহল

চিত্রা মহলের সামনে দাঁড়িয়ে চান মিয়া প্রথম আলোকে বলেন, আগে এই হলের নাম ছিল নাগর মহল। তাঁতীবাজারের ব্যবসায়ী নাগর পোদ্দার চালু করেছিলেন এই হল। চিত্রা মহল হয়েছে ১৯৮৩ সালে। আগে এই হলে হিন্দি, উর্দু ছবি চলত।
চান মিয়ার ভাষায়, ‘১৩ আনা দিয়ে রিয়াল স্টলে উর্দু বই (চলচ্চিত্র) দেখছিলাম। মাগার অখন বাংলা বই দেখি না, অখন আর আগের ওই জজবা নাই!’
প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন তাঁর ছাত্রজীবনে চিত্রা মহলের কাছাকাছি দক্ষিণ মৈশুণ্ডী এলাকায় থাকতেন। ওই সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর এটি দীর্ঘদিন শত্রু সম্পত্তি হিসেবের সরকারের তত্ত্বাবধানে ছিল। হলটি বিক্রির কথা উঠলে শুরুর দিকে তেমন কেউ এগিয়ে আসেনি। কেননা, সামনে খাল, রাস্তা বলতে এখন হলের সামনে যে রাস্তাটি আছে সেটিই ছিল। তখন কাজী জহির প্রতিষ্ঠিত পরিচালক, প্রযোজক। ভালো ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং ইংরেজিতে ডাবল এম এ করে নটর ডেম কলেজে শিক্ষকতা করেন। তাঁর চলচ্চিত্রের প্রতি বিশেষ দুর্বলতা ছিল। তাই তিনি শিক্ষকতা থেকে বিদায় নিয়ে সিনেমা পরিচালনায় লেগে যান। যোগ্য লোক হিসেবেই কাজী জহির হলটির দায়িত্ব নেন।

শুক্রবার বিকেল আর সন্ধ্যার প্রদর্শনীতে এখনো দর্শকের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। ছবিটি গতকাল বিকেলে তোলা
শুক্রবার বিকেল আর সন্ধ্যার প্রদর্শনীতে এখনো দর্শকের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। ছবিটি গতকাল বিকেলে তোলা

যেহেতু পুরোনো হল নতুন করে চালু করা হয়েছিল, তাই ঘটা করে উদ্বোধন করা হয়নি। হলটির মালিক হওয়ার পর পরিচালক কাজী জহির এর নাম পরিবর্তন করেন। স্ত্রী তৎকালীন অভিনেত্রী চিত্রা সিনহার নামে হলের নাম রাখেন চিত্রা মহল।
চিত্রা মহল নামে হলটির যাত্রার প্রথম দিন সেখানে উপস্থিত ছিলেন বর্তমানে প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল করিম ও মুখলেসুর রহমান। প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সম্পর্ক ৪০ বছরের বেশি। স্মৃতি হাতড়ে তাঁরা জানালেন, প্রথম দিন এখানে দেখানো হয় খান আতাউর রহমানের আরশি নগর ছবিটি। সাড়া পড়ে যায় চারদিক। তখন কাউন্টারে টিকিট বিক্রি করা কঠিন ছিল। যেকোনো ছবির টিকিট ব্ল্যাকে বিক্রি হতো। এমনকি সন্ধ্যার পরও মহিলারা দল বেঁধে বোরকা পরে ছবি দেখতে আসতেন।
গতকাল শুক্রবার দুপুরে চিত্রা মহলে গিয়ে দেখা গেল দর্শকের দারুণ উপস্থিতি। বেলা তিনটার প্রদর্শনীতে পুরো মিলনায়তন ভরা ছিল। গতকাল এখানে আলী আজাদ পরিচালিত ১৬ আনা প্রেম ছবিটি দেখানো হয়। দর্শকেরা ভেতরে ঢোকার পর পুরো হলটি ঘুরে দেখালেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ইকবাল ইউসুফ। মূল উদ্যোক্তা কাজী জহিরের ভাতিজা তিনি।
পুরোনো ঢাকার বংশাল এলাকার আদি বাসিন্দা ইকবাল ইউসুফ বর্তমানে পরিবারের পক্ষে চিত্রা মহলের সবকিছু দেখভাল করেন। জানালেন কাজী জহিরের স্ত্রী চিত্রা জহির এখন যুক্তরাষ্ট্রে থাকেন। সেখান থেকে খোঁজখবর রাখেন। এখন তো ছবির বাজার আগের মতো নেই। শুক্রবার বিকেল এবং সন্ধ্যার শো ছাড়া অন্য সময়ে দর্শক নগণ্য। মূলত চিত্রা জহিরের অনুপ্রেরণায় প্রতি মাসে লোকসান গুনেও হল চালানো হচ্ছে বলেন জানান ইকবাল ইউসুফ।
ঐতিহ্যের ছোঁয়া চিত্রা মহলের সবখানে। পুরোনো নকশার দোতলা ভবন। দুপাশে দুটি ছোট বারান্দা। মূল দরজার ওপরে লম্বা এবং পাশাপাশি প্রতিষ্ঠানের নাম লেখা। ঢুকতেই মাথার ওপরে সহজে চোখে পড়ে ছবির নাম। এটাও চিত্রা মহলের একটা ঐতিহ্য। বড় একটা ব্যানারে শুধু পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠানসহ সিনেমার নামটিই থাকে। শিল্পী কিংবা সিনেমার কোনো দৃশ্যের ছবি থাকে না। এটার ডিজাইন হল কর্তৃপক্ষ নিজেরা করে থাকে সব সময়। আগে হাতে আঁকা বোর্ড থাকত, এখন ডিজিটাল প্রিন্টের। ঢাকার অন্য কোনো হলে এমনটা দেখা যায় না।

ব্যবসায় মন্দা। প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা কমে এখন ১৪। গতকাল বিকেলে তোলা ছবি l হাসান রাজা
ব্যবসায় মন্দা। প্রতিষ্ঠানের কর্মীসংখ্যা কমে এখন ১৪। গতকাল বিকেলে তোলা ছবি l হাসান রাজা

আকারে খুব একটা বড় নয় চিত্রা মহল। নিচতলায় ঢুকেই টিকিট কাউন্টার। তিন ক্যাটাগরিতে ছবি দেখার ব্যবস্থা। সাগর, ঝিনুক, শাপলা। কাজী জহিরের তিন সন্তানের নামে এই তিন ক্যাটাগরি। মূলত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকজনই এখানকার দর্শক। তাঁতীবাজার, জিন্দাবাহার, বংশাল, সদরঘাট, নয়াবাজার, ইংলিশ রোড, নবাবপুর, কলতাবাজার, রায়সাহেব বাজার, ধোলাইখাল এলাকা থেকে মানুষ আসে এই হলে ছবি দেখতে।
দোতলায় অপেক্ষা করার জন্য আছে বসার জায়গা। সোফা ও চেয়ার পুরোনো। পুরোনো হলেও মেঝেটা বেশ পরিচ্ছন্ন। দেয়ালে ঝোলানো পুরোনো দিনের নামকরা অনেক ছবির পোস্টার। তালিকাটা তাক লাগানোর মতো। একেকটি ছবি যেন ইতিহাস। ময়না মতি, অবুঝ মন, বধূ বিদায়, নয়ন তারা, ফুলের মালা, মধু মিলন, কথা দিলাম। বাংলা ছবির সোনালি যুগের অনেকগুলো কালজয়ী ছবির সঙ্গে এই প্রতিষ্ঠানের সংযোগ আছে। মজার বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান এবং কাজী জহিরের সবগুলো সিনেমার নাম বাংলা পাঁচ অক্ষর দিয়ে।
ঢাকার দক্ষিণাংশের অন্যান্য হলের তুলনায় এই হলটি আকারে ছোট। প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপক মিরাজ আহমেদ জানালেন কাজী জহির হলটির পরিসর বাড়ানোর চিন্তা করেছিলেন। কিন্তু একটা সময় তিনি অসুস্থ হয়ে পড়ায় তা আর করতে পারেননি। ১৯৯২ সালে তিনি মারা যাওয়ার সময় সিনেমা হলটি যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। কোনো কিছুর পরিবর্তন করা হয়নি। মাঝে ডিজিটাল পর্দা এবং প্রক্ষেপণের ব্যবস্থা হয়েছে। তবে প্রক্ষেপণ ঘরটিতে আগের মেশিনটি এখনো আছে।

কাজী জহির ও চিত্রা জহির
কাজী জহির ও চিত্রা জহির

মহাব্যবস্থাপক ইকবাল ইউসুফ গর্ব নিয়েই বললেন, ‘আমাদের সাউন্ড আর পর্দা তুলনা করবেন মধুমিতার সঙ্গে। আমারা চাচা পর্দা এবং শব্দের ব্যাপারে সব সময় সচেতন ছিলেন। ছবির বিষয়ে ছিলেন খুব খুঁতখুঁতে। একটি ছবি মুক্তির পর আমরা দেখেছি কোথায় ভুল আছে, কোথায় দুর্বলতা আছে, এসব নিয়ে রীতিমতো পরীক্ষা দিতে হতো ওনার কাছে। তিনি সব সময় সুস্থ ধারার ছবির পক্ষে ছিলেন। হুজুগের সঙ্গে তাল মেলাননি। চাচা বলতেন, আমার নায়ক মারামারি জানেন না, আমার নায়িকা লাফ দিয়ে নাচতে জানে না।’
হলের বুকিং কর্মকর্তা মুখলেসুর বলেন, ’৮৯ সালের সেপ্টেম্বর মাসে সারা দেশে যখন বেদের মেয়ে জোসনার জোয়ার তখন আমরা (চিত্রা মহল) আর মধুমিতা চালিয়েছিলাম ময়না মতি ছবিটি। দর্শক আমাদের হলেও ভিড় করেছে।’
বর্তমানে হলটির ওপর নির্ভর করে প্রায় ১৩ জন মানুষের জীবন-জীবিকা। ভবনের ভেতরে একটি খাবারের দোকান আছে। টিকে থাকতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে চিত্রা মহলকে। আগের ছবির বাজার এখন নেই। হলের গেটে হাউসফুল লেখা ওঠে না দিনের পর দিন।
এলাকাটিতে মূলত রড, টিন আর স্টিলের পাতের পাইকারি ব্যবসার বাজার। এমন একটি জায়গায় কেন সিনেমার ব্যবসা চালিয়ে যাচ্ছেন? শুধুই কি কাজী জহিরের স্মৃতি? প্রশ্নটি শুনে মহাব্যবস্থাপক ইকবাল ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়লেন। নিয়ে গেলেন চিত্রা ফিল্মসের প্রায় অন্ধকার একটি ঘরে। যেখানে কালজয়ী সব বাংলা ছবির ফিল্মের বাক্স। বললেন, ‘আমার চাচি চিত্রা জহির ও তাঁর ছেলে প্রতি মাসের ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠানটি চালাচ্ছে। আমরা কেন এখনো হল চালাচ্ছি, সেই জবাব জানা নেই। শুধু এটা বলতে পারি, আমাদের রক্ত-মাংসে ফিল্ম। ফিল্মের বাইরে আমরা কিছু ভাবিনি কখনো। আমরা যদি চলে যাই ফিল্ম দুনিয়া থেকে তাহলে থাকবেটা কে!’—কথাটা বলতে বলতে আক্ষরিক অর্থে চোখ দিয়ে পানি ঝরছিল তাঁর।

প্রতিষ্ঠাতা
চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী জহির। এর আগে হলটির নাম ছিল নাগর মহল। তখন মালিক ছিলেন তাঁতীবাজারের ব্যবসায়ী নাগর পোদ্দার
ধারণক্ষমতা
৭২৪ আসন। নারীদের জন্য আলাদা দুটি অপেক্ষার ঘর আছে