মালিকের মেয়েকে বিয়ে করে প্রাণ দিতে হলো কর্মচারীকে!
প্রেম করে মালিকের মেয়েকে বিয়ে করার অপরাধে প্রাণ দিতে হলো এক কর্মচারীকে! বরিশালের আগৈলঝাড়া উপজেলার মধ্যশিহিপাশা গ্রামে ১৬ এপ্রিল এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার ১২ দিন পর ওই কর্মচারীর মা ফাতেমা বেগম মালিকসহ চারজনের বিরুদ্ধে বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।নিহত ওই কর্মচারীর নাম টুটুল খান (২৫)। তিনি গৌরনদী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সাদেক আলী খানের ছেলে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, টুটুল খান আগৈলঝাড়া উপজেলার মধ্যশিহিপাশা গ্রামের আলাউদ্দিন মোল্লার গরুর খামারে তদারককারী হিসেবে কাজ করতেন। এ সময় টুটুলের সঙ্গে মালিকের মেয়ে সুমীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ডিসেম্বর মাসে টুটুল ও সুমী পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ বিয়ে মেনে নেয়নি সুমীর পরিবার। কিছুদিন পর বিয়ে মেনে নেওয়ার ভান করে তারা টুটুল ও সুমীকে ঘরে তোলে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৬ এপ্রিল সুমীর দুলাভাই ওয়াসিম সন্যামাতসহ কয়েকজন গলায় ফাঁস লাগিয়ে টুটুলকে হত্যা করেন। পরে সুমীর পরিবারের লোকজন এ ঘটনাকে আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। পরদিন আগৈলঝাড়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ঘটনার ১২ দিন পর বুধবার মামলা করলে আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আলাউদ্দিন মোল্লাসহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, টুটুল আত্মহত্যা করেছেন।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক নন্দী জানান, আদালতের আদেশ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।