মালিকের স্ত্রী ও শ্যালকের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে এক দোকান কর্মচারীকে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দোকান মালিকের স্ত্রী ও শ্যালক।
গত বুধবার ফেনীর বিচারিক হাকিম রাজেশ চন্দ্র দাসের আদালতে তাঁরা এই জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী সদর মডেল থানার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই শফিউল ইসলাম বলেন, পেয়ার আহম্মদ ওরফে পিয়াস (১৬) নামের এক কিশোর ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কৃষ্ণ মজুমদার বাজারে সাহাবউদ্দিন নামের এক ব্যক্তির দোকানে চাকরি করত। গত মে মাসের শুরুতে সে চাকরি ছেড়ে দেয়।
৭ মে সন্ধ্যায় পেয়ার আহম্মদ বকেয়া বেতনের জন্য সাহাবউদ্দিনের কাছে যায়। কিন্তু বকেয়া বেতন না পাওয়ায় পেয়ার দোকানমালিকের নানা অপকর্ম ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। এতে সাহাবউদ্দিন উত্তেজিত হয়ে পেয়ারকে গলাটিপে হত্যা করেন।
পরে সাহাবউদ্দিন লাশটি স্ত্রী নাজমুন নাহার (২৫) ও শ্যালক নজরুল ইসলামের সহায়তায় (২২) তাঁর (সাহাবউদ্দিন) বাড়ির শৌচাগারের পাশে পুঁতে রাখেন। এর পাঁচ দিন পর পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় পেয়ারের মা নাসিমা আক্তার হত্যা মামলা করেন। তিনি জানান, লাশ তোলার পর থেকে সাহাবউদ্দিন, তাঁর স্ত্রী ও শ্যালক পলাতক ছিলেন। গত বুধবার সাহাবউদ্দিনের স্ত্রী ও শ্যালককে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাহাবউদ্দিন এখনো পলাতক।